রাঙামাটি, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে অর্ধ কোটিরও বেশি টাকা মূল্যের চিতল মাছের ৫ লাখ রেণু আটক করেছে মৎস্য উন্নয়ন অধিদপ্তর ও পুলিশ।
মঙ্গলবার বরকল উপজেলার বরুণাছড়ির কুরকুটিছড়া এলাকা দিয়ে পাচারকালে ওই সব রেণু আটক করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের রাঙামাটির মৎস্য বিশেষজ্ঞ একেএম আজাদ।
তিনি সাংবাদিকদের বলেন, "সংঘবদ্ধ একটি চোরাচালানি চক্র কাপ্তাই হ্রদ থেকে চিতল মাছের বিপুল সংখ্যক রেণু সংগ্রহ করে বাইরে পাচারের জন্য কুরকুটিছড়া এলাকায় রাখে। গোপন সূত্রে এ খবর পেয়ে প্রশাসন ও পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে তা আটক করা হয়।"
অভিযানে ৫ লাখ রেণু পোনা আটক করা হয় জানিয়ে একেএম আজাদ বলেন, এ সব রেণুর বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
অভিযানে কাউকে আটক করা যায়নি। রেণু পোনাগুলো পুনরায় হ্রদে ছেড়ে দেওয়া হয়েছে।
মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, রেণু আহরণ ও বিক্রি অনির্র্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৪ ঘ.
bdnews24