২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটা থামেনি; সেই 'মৃত্যু উপত্যকা'য় এখনও আছে ঝুঁকিপূর্ণ বসবাস

ব্যাপক কড়াকড়ি আর প্রচার-প্রচারণার পরও চট্টগ্রামে থেমে নেই পাহাড় কাটা। আর সেই 'মৃত্যু উপত্যকা'য় এখনও বাস করছে অনেক মানুষ। এক বছর আগে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির পর পাহাড় কাটার বিষয়টি প্রশাসনের নজরে আসে। কিন্তু বছর ঘুরে এখন প্রকাশ্যে না হলেও রাতের আঁধারে নানা কৌশলে এখন চলছে পাহাড় নিধন। বিষয়টি স্বীকার করে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলছেন, আইনের সীমাবদ্ধতা এবং প্রভাবশালীদের কারণেই মূলত পাহাড় কাটা শতভাগ রোধ করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক কড়াকড়ি আর প্রচার-প্রচারণার পরও চট্টগ্রামে থেমে নেই পাহাড় কাটা। এক বছর আগে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির পর পাহাড় কাটার বিষয়টি প্রশাসনের নজরে আসে। কিন্তু বছর ঘুরে এখন প্রকাশ্যে না হলেও রাতের আঁধারে নানা কৌশলে চলছে পাহাড় নিধন। বিষয়টি স্বীকার করে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলছেন, আইনের সীমাবদ্ধতা এবং প্রভাবশালীদের কারণেই মূলত পাহাড় কাটা শতভাগ রোধ করা সম্ভব হচ্ছে না। গত বছরের ১১ জুন বর্ষণ আর পাহাড় ধসে বিপর্যয়ের নগরীতে পরিণত হয় চট্টগ্রাম। পাহাড়ি ধস আর কাদা মাটির নিচে চাপা পড়ে নগরীর কুসুমবাগ, কাইচ্যাঘোনা, সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবুবাগান, বায়েজিদ বোস্তামী, মতিঝর্ণা পাড়সহ সাতটি স্থানে মারা যায় ১২৭ জন। পাহাড় ধসে গণমৃত্যু আর জলবদ্ধতায় নাকাল নগরবাসীর সেই কষ্টকল্পনার বছর পেরিয়ে গেলেও ওই সব এলাকা ঘুরে অবস্থার খুব বেশি পরিবর্তন নজরে আসেনি। নগরী ও আশেপাশের পাহাড় এবং এর পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে এখনও হাজারো মানুষ। গত বছরের পাহাড় ধস ও জলাবদ্ধতার আকস্মিকতা কাটিয়ে ওঠার পর সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টার নির্দেশ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সরাসরি তত্ত্বাবধানে গঠিত হয় একাধিক উচ্চ পর্যায়ের কমিটি। পাহাড় সুরক্ষা এবং ব্যাপক প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়-ক্ষতি রোধে দুটি তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে ২২টি সুপারিশ করে। তবে এখনও পর্যন্ত এসব সুপারিশের কোনটাই পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে অন্যসব কার্যক্রমেও দেখা দেয় ধীর গতি। পাহাড় ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি পাহাড় ধসের জন্য নির্বিচারে পাহাড়ের পাদদেশ কেটে বসতি স্থাপন ও ব্যাপক হারে পাহাড় নিধনকে দায়ী করে প্রতিবেদন দেয়। এরপরও নগরী ও আশেপাশের এলাকায় পাহাড় কাটা বন্ধ হয়নি। গত দুই দিন নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, সরকারি পদক্ষেপ না নেওয়ায় এসব এলাকা থেকে কেউ তাদের বসতি সরিয়ে নেয়নি। ফলে লাখো মানুষ এখনো দুর্ঘটনা কবলিত কাইচ্যাঘোনা, লেবুবাগান, কুসুমবাগ, মতিঝর্ণায় মৃত্যু ঝুঁকির মধ্যে বাস করছে। বিপর্যয়ের পরপরই প্রাথমিকভাবে তাদের সরিয়ে নেওয়া হলেও তাদের জন্য স্থায়ী কোন আবাসন গড়ে তুলতে না পারায় পাহাড়ের কোলে ফিরতেই তারা বাধ্য হয়েছেন। নগরীর হিলভিউ আবাসিক এলাকা, বাঘঘোনার মুছার পাড়, বাটালি হিল, পলিটেকনিক এলাকা, নগরীর অদূরে জঙ্গল ছলিমপুর ও দক্ষিণ পাহাড়তলীতেও হাজারো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এসব স্থানে বনায়ন কিংবা পাহাড় ব্যবস্থাপনার কথা থাকলেও তা করা হয়নি। এছাড়া, গত কয়েকমাসে নগরীর খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড় কেটে অনেক বাড়ি ঘর তোলা হয়েছে। জেলার হাটহাজারী, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকায়ও নীরবে চলছে পাহাড় কাটা। ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফতেয়াবাদের পাহাড়ি টিলা, সন্দীপ কলোনি, নাচুনী খোলা, ফকির তাকিয়া মাজার সংলগ্ন এলাকায় গত ছয়/সাত মাসে গোপনে বেশ কয়েকটি পাহাড়ি টিলা কেটে সমান করা ফেলা হয়েছে।" নাসিরাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ আমিন জানান, সেখানে ব্যক্তি মালিকানাধীন পাহাড় শ্রেণীর বেশ কয়েকটি টিলা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কেটে স্থাপনা তৈরি করছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারিভাবে পাহাড় কাটা বন্ধ থাকলেও কোথাও কোথাও পাহাড় কাটা চলছে- এমন খবর আমাদের কাছে আছে। গত কয়েক মাসে এমন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি ঘটনায় নগরী ও জেলার বিভিন্ন থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।" এমনকি বান্দরবানের লামায় সরকারি উন্নয়ন কাজেও পাহাড় কাটার ঘটনা ঘটেছে বলে জানান নাজমুল হক। তবে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে তা বন্ধ হয়েছে। পাহাড় কাটার অপরাধে গত এক বছরে ১৯টি নতুন মামলা দায়ের এবং নয়টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি। নাজমুল হকের মতে, আইনের সীমাবদ্ধতা এবং প্রভাবশালীদের কারণেই মূলত পাহাড় কাটা শতভাগ রোধ করা সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এক বছরের মধ্যে পুর্নবাসন ও পাহাড় ব্যবস্থাপনার কাজ শেষ করা উচিত ছিল। সেটি না হওয়ায় আসন্ন বর্ষাতেও লাখো জনগণের মৃত্যু ঝুঁকির পাশাপাশি আবারো বড় ধরনের দুর্যোগ নেমে আশার শঙ্কা রয়েই গেছে।" ক্ষতিগ্রস্থদের সহায়তায় গঠিত ত্রাণ ও পুনর্বাসনজনিত গঠিত বিশেষ কমিটির আহ্বায়ক বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বলেন, "ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের পুনবার্সনসহ পাহাড় কাটা বন্ধ এবং অপর সুপারিশগুলো বাস্তবায়নের কাজ চলছে।" তিনি জানান, পুনবার্সনদের জন্য স্থান নির্ধারণের কাজ চলছে এবং ভূমি ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে স্বল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে। পুর্নবাসন বিষয়ে এতদিন নিশ্চুপ থাকলেও গণমৃত্যুর বছর পূর্তির মাত্র দুই দিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৭ দিনের মধ্যে বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে উঠা বসতি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে। এসব এলাকায় বসবাসকারীদের নিজ উদ্যোগে সরে যেতে বলা হয়েছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন্ন বর্ষা মৌসুমের আগেই ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরানোর পদক্ষেপ গ্রহণ করা হবে। নানা কারণে এতদিন বিলম্ব হলেও এবার বর্ষার আগেই তাদের স্থানান্তর করা হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমআই/১৮৩০ ঘ.