২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরিয়ার দাম কেজিতে পৌণে পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

নতুন অর্থবছর থেকে ইউরিয়া সারের দাম কেজি প্রতি প্রায় পৌণে পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্য বৃদ্ধির পর কারখানা গেটে প্রতি কেজি ইউরিয়া ১০ টাকা এবং বাফার গুদামে ১০ টাকা ৭০ পয়সা দরে বিক্রি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছর থেকে ইউরিয়া সারের দাম কেজি প্রতি প্রায় পৌণে পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্য বৃদ্ধির পর কারখানা গেটে প্রতি কেজি ইউরিয়া ১০ টাকা এবং বাফার গুদামে ১০ টাকা ৭০ পয়সা দরে বিক্রি করা হবে। বর্তমানে বাফার গুদামে প্রতি কেজি ইউরিয়া ছয় টাকা দরে বিক্রি করা হয়। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বুধবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, মূল্য বৃদ্ধির পর কারখানা গেটে প্রতি টন ইউরিয়ার দাম হবে ১০ হাজার টাকা এবং বাফার গুদামে ১০ হাজার ৭০০ টাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "১৯৯৭ সালের পর এই প্রথম দেশে ইউরিয়া সারের দাম বাড়ানো হলো। গত ১১ বছরে সরকারকে ইউরিয়া আমদানি খাতে ছয় হাজার ৫২ কোটি ৩১ লাখ টাকা ভর্র্তুকি দিতে হয়েছে।" মাহবুব জামিল বলেন, "সারের দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি কেজিতে ৪৭ টাকা ৩০ পয়সা ভর্র্তুকি দিতে হবে। অর্থাৎ প্রতি টনে ভর্র্তুকির পরিমাণ দাঁড়াবে ৪৭ হাজার ৩০০ টাকা।" তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বর্তমানে প্রতি টন সার আমদানিতে ব্যয় দাঁড়িয়েছে ৫৮ হাজার টাকা। একই পরিমাণ সার আমদানি করতে ১১ বছর আগে মাত্র আট হাজার ৮৬ টাকা লাগতো।" দেশে ইউরিয়ার মাত্র এক দশমিক ৮৬ শতাংশ ধান উৎপাদনে ব্যবহৃত হয় একথা উল্লেখ করে মাহবুব জামিল বলেন, দাম বাড়ানোর ফলে ইউরিয়া সারের পাচার ও অপচয় দুটোই কমবে। কৃষকরা ইউরিয়ার অপচয় রোধ করলে সারের দাম বৃদ্ধির প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সারের চাহিদা পূরণে সরকার আরো দুটি ইউরিয়া সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। সিরাজগঞ্জ ও সিলেটে এ দুটি কারখানা স্থাপন করা হবে। গ্যাসের সরবরাহ নিশ্চিত করা গেলে সিরাজগঞ্জের কারখানাটি ২০১১ সালে উৎপাদনে যেতে পারবে। তিনি জানান, বিসিআইসির আওতাধীন ইউরিয়া সার কারখানাগুলোর গ্যাস বিল বাবদ প্রায় ২১১ কোটি টাকা বকেয়া রয়েছে। অর্থাভাবে বকেয়া বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৭২০ঘ.