ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সীমানার গভীর ও অগভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান কেন অবৈধ ও এখতিয়ার বহির্ভূত ঘোষণা করা হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট।
সাবেক এক সচিব এবং এক আইনজীবীর দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার এর রুল জারি করেন।
জ্বালানি সচিব, আইন সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে আদালত তেল-গ্যাস উৎপাদন-বণ্টন চুক্তি সম্পাদনের ওপর কোনও নিষেধাজ্ঞা দেয়নি।
আদালতের আদেশে বলা হয়, যেহেতু আগামী অক্টোবরের আগে তেল-গ্যাস উৎপাদন-বণ্টন চুক্তি হচ্ছে না, সেহেতু এ বিষয়ে কোনও নিষেধাজ্ঞা এই মুহূর্তে দেওয়া হল না। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় রুল জারি করা হল।
হাইকোর্টের আদেশের পর রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ডিসেম্বরে চলে যাবে। আর মাত্র চার মাস পর তেল-গ্যাস উৎপাদন-বণ্টন চুক্তি করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বরের পরে যদি এই সরকার না থাকে তাহলে এ রকম একটি নীতি নির্ধারণী বিষয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ এখতিয়ার বহির্ভূত হবে।"
তিনি বলেন, "আদালত আবেদনকারী পক্ষে আমাদের এই বক্তব্য আমলে নিয়েছেন। অনির্বাচিত সরকার এ ধরনের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারে না বলেও আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন।"
চলতি বছরের ১৫ ফেব্র"য়ারি গভীর ও অগভীর সাগরে ২৮টি ব্লক ইজারা দেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে জ্বালানি মন্ত্রণালয়। একই সঙ্গে ১ অক্টোবরের মধ্যে তেল-গ্যাস উৎপাদন-বণ্টন চুক্তি স্বাক্ষরের কথাও জানানো হয়।
তত্ত্বাবধায়ক সরকারের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে গত ৪ মে সাবেক সচিব শাহ আবদুল হান্নান ও ব্যারিস্টার মুন্সি আহসান কবির হাইকোর্টে রিটটি দায়ের করেন।
রিটে এই দরপত্র আহ্বানকে সরকারের এখতিয়ার ও ক্ষমতা বহির্ভূত ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া দরপত্রের পরিপ্রেক্ষিতে উৎপাদন-বণ্টন চুক্তির কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমআই/১৫০২ ঘ.
bdnews24