ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দলের সঙ্গে বৈঠক করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসম আবদুর রবের নেতৃত্বাধীন ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্ম (ইউপিআর) দলের সঙ্গে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হোসেন জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দলের সঙ্গে সংলাপে বসার জন্য আমরা প্রস্তুত রয়েছি।"
সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের অন্যতম হোসেন জিল্লুর শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ইতোমধ্যে সংলাপের আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করে বলেন,"সংলাপে বসার ব্যাপারে ওনারা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব।"
উপদেষ্টা বলেন, শেখ হাসিনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী চিকিৎসা করতে তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইনি এবং মানবিক দৃষ্টিকোণ সমন্বয় করে বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক ও কোকোর চিকিৎসার জন্যও মুক্তির ব্যবস্থা করা হবে কিনা এ প্রসঙ্গে হোসেন অভিন্ন মত ব্যক্ত করে জিল্লুর বলেন, "মানবিক দৃষ্টিকোণ ও আইনি প্রক্রিয়া সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি বলেন, বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং সর্বোচ্চ বিবেচনায় রেখেছে।
শেখ হাসিনার সঙ্গে সরকারের বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নেত্রীর জন্য অপেক্ষা করছি। নেত্রী এলেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসইউএম/এমএআর/এসকে/১৩৩৭ঘ.
bdnews24