বাগেরহাট, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ব্যাপারী ও ওহাব হত্যার অভিযোগে আদালতে করা একটি মামলার তদন্ত মঙ্গলবার শুরু করেছে পুলিশ। সোমবার রাতে মোড়েলগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
গত ২৫ মে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে শহীদ মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর মেয়ে আমিরন্নেছা তার বাবা ও ওহাব হত্যার অভিযোগে এই মামলা করেন। মামলায় আসামি করা হয় তৎকালীন মুসলিম লীগ নেতা মোক্তার আলী খাঁর ছেলে আকরাম খাঁসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে।
বিচারক আব্দুস সালাম খান মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
শহীদ দুই মুক্তিযোদ্ধা ও আসামি আকরাম খাঁ'র বাড়ি মোরেলগঞ্জের তেলিগাঁতি গ্রামে।
মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার সকালে মামলাটি নথিভুক্ত করার কথা স্বীকার করে বলেন, "মামলাটির তদন্ত শুরু হয়েছে।"
মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের ২৫ নভেম্বর নৌকাযোগে পালাবার সময় পশ্চিম তেলিগাঁতি গ্রামে নদীর পাড়ে ফকির বাড়ির সামনে রাজাকাররা সেকেন্দার ও ওহাবকে নৌকা থেকে নামিয়ে গুলি করে হত্যা করে।
বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার চিংড়ি ঘের মালিক আকরাম খাঁর বিরুদ্ধে এই নিয়ে মুক্তিযোদ্ধা হত্যার দুটি মামলা হয়েছে।
গত ১৩ মে বাগেরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামছুল আলম তালুকদার ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও মো. টিপু সুলতানকে হত্যার অভিযোগে আকরাম খাঁ ও শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের নজির হাওলাদারসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন।
মামলা করার পরে বিচারক আব্দুস সালাম খান শরণখোলা থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পুলিশ গত ১ জুন মামলাটি নথিভুক্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএসবি/এমএইচবি/২৩০৮ ঘ.
bdnews24