ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হওয়া লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মঙ্গলবার পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন।
তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তার বদলিসংক্রান্ত সরকারি আদেশ পেয়েছি। বিষয়টি নিয়ে কথা বলতে জেনারেল মাসুদ এসেছিলেন।"
জেনারেল মাসুদকে বদলিসংক্রান্ত ঘোষণায় বলা হয়, তাকে রাষ্ট্রদূত করা হতে পারে।
তবে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রদূত হিসেবে মাসুদের নিয়োগ পেতে কিছুটা সময় লাগবে।
১/১১ এর ঘটনাপ্রবাহের পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
এর আগে ২ জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বদলি করে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/এমএইচবি/২২১৬ ঘ.
bdnews24