ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানিগ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ রিটটির ওপর দু'পক্ষের শুনানিগ্রহণ শেষে মঙ্গলবার আদেশের এই দিন ধার্য করেন।
রিটকারির পক্ষে শুনানিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "বর্তমান অনির্বাচিত সরকার নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ে সিদ্ধান্ত সরকারের নীতি নির্ধারণী কাজের মধ্যে পরে। তাই সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান সরকার তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব কাউকে দিতে পারে না।"
তিনি আরও বলেন,"বাংলাদেশের জাতীয় সম্পদ তেল-গ্যাস নষ্ট করার জন্য সরকার এই দরপত্র আহ্বান করেছে।"
জবাবে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "দেশের সম্পদ নষ্ট করার যুক্তি অবান্তর।"
আদালত এ সময় প্রশ্ন করেন, "বর্তমান সরকার নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারে কি না।"
জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, "তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত আগের সরকারের। বর্তমান সরকার সেটি এগিয়ে নিয়ে যাচ্ছে মাত্র।"
আদালতকে তিনি জানান, "এরআগে বিষয়টি নিয়ে রিট হয়েছিল। আদালতের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু পরে আদালত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই নিষেধাজ্ঞা সংশোধন করে।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, "দেশে বিদ্যুতের সঙ্কট চলছে। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। রিজার্ভ গ্যাস উত্তোলন করা হলে সঙ্কট কমবে।"
গভীর ও অগভীর সমুদ্রে ২৮টি ব্লক ইজারা দেওয়ার জন্য গত ১৫ ফেব্র"য়ারি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে জ্বালানি মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ৪ মে হাইকোর্টে রিট করেন সাবেক সচিব শাহ আবদুল হান্নান ও ব্যারিস্টার মুন্সি আহসান কবির।
রিটে দরপত্র আহ্বানকে সরকারের এখতিয়ার ও ক্ষমতাবহির্ভূত ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া দরপত্রের পরিপ্রেক্ষিতে উৎপাদন বণ্টন চুক্তির কার্যক্রমের ওপরও স্থগিতাদেশও চাওয়া হয়েছে।
সরকারের জ্বালানি সচিব, আইন সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যানকে রিটে প্রতিপক্ষ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১৪৩ ঘ.
bdnews24