২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২২০০ বস্তা ইউরিয়া সারসহ পাঁচজন আটক

পাচার করার জন্য নেওয়া হচ্ছে-এমন অভিযোগে মঙ্গলবার চাঁদপুর শহরের নতুনবাজার-পুরানবাজার সেতু এলাকা থেকে দুই হাজার ২০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

চাঁদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচার করার জন্য নেওয়া হচ্ছে-এমন অভিযোগে মঙ্গলবার চাঁদপুর শহরের নতুনবাজার-পুরানবাজার সেতু এলাকা থেকে দুই হাজার ২০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় সার বোঝাই ট্রলারটি ডাকাতিয়া নদীতে নোঙর করা ছিল। পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। এরা ট্রলারের কর্মচারি বলে জানিয়েছে উপকূল রক্ষী বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্যম চরআলগী এলাকার হুমায়ুন কবির (৩৫), রিপন (১৬), দক্ষিণকুঞ্জ এলাকার ইসমাইল হোসেন (২৬), ভোলার কুঞ্জেরহাট এলাকার লিটন (১৮) এবং চাঁদপুরের পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকার মাইনউদ্দিন (৭৩)। উপকূল রক্ষী বাহিনীর চাঁদপুর স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. দাউদ কাওসার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা ডাকাতিয়া নদীতে নোঙর করা অবস্থায় 'এমভি ইসমত উল্যাহ শাহ' নামের ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে ২২০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে। তিনি জানান, সারগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে আটক করা হয়েছে। এ সময় ট্রলারের সাত কর্মচারির মধ্যে পাঁচজনকে আটক করা হয়। কামাল সারেং (৫০) ও আলাউদ্দিন (৩০) নামের ট্রলারের দু'কর্মচারি পালিয়ে যায়। দাউদ কাওসার আরও বলেন, আটক ট্রলারের দাম প্রায় অর্ধকোটি টাকা। এর মালিক চট্টগ্রামের মনির আহমেদ। আটককৃত সারের দাম প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকা। বিকেলে সারসহ আটক পাঁচজন ও ট্রলারটি চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক মাইনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারগুলো আশুগঞ্জ থেকে হাতিয়ায় নেওয়া হচ্ছিল। ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় আমরা ট্রলারটি এখানে নোঙর করি।" তবে এ সার মিয়ানমারে পাচার করা হচ্ছিল কিনা সে সম্পর্কে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.