ফরিদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় ২৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ মঙ্গলবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ইদ্রিস ঠাকুর, নওশের (পলাতক), সাহেব মাতুব্বর, মোক্তার ঠাকুর, বাকা শেখ, চান মিয়া (পলাতক), সিরাজ মাতুব্বর, সোনা ফকির, জান্নান, সালাম মাতুব্বর, আতিয়ার খন্দকার (পলাতক), ওলিয়ার শেখ, বাবুল ঠাকুর, কামাল ফকির, চুন্নু ফকির, মান্নান মিয়া, সলেমান (পলাতক), জব্বার, আজহার, সাত্তার ফকির, আবু মোল্লা, কুদ্দুস মোল্লা, কানছু হাওলাদার (পলাতক) ও শহীদ মাতুব্বর।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন। নওশের, চান মিয়া, আতিয়ার খন্দকার, সলেমান, কানছু হাওলাদার- এই পাঁচজন পলাতক রয়েছেন।
মামলার অপর ৩৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০১ সালের ১৯ জানুয়ারি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের দলিল উদ্দিন শেখ (৫২) ও তার ভাই রতন শেখ (৫৬) অপর কয়েকজন কৃষক নিয়ে তাদের পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিক পূর্ব শত্র"তার জের ধরে আসামিরা রামদা, বল্লম, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দলিল উদ্দিন শেখ, রতন শেখ, সালাম মল্লিক (২৫) ও বিল্লাল শেখ (১৯) মারা যান।
ওই রাতে দলিল শেখের ছেলে আলম শেখ বোয়ালমারী থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24