২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-চরফ্যাশন সড়কের ৭০ কিলোমিটারই যান চলার অনুপযোগী

ইলিশা-ভোলা-চরফ্যাশন-চরমানিকা আঞ্চলিক সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ১১৩ কিলোমিটার সড়কের ৭০ কিলোমিটারই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে গত তিন মাসে ৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২০জন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ভোলা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশা-ভোলা-চরফ্যাশন-চরমানিকা আঞ্চলিক সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ১১৩ কিলোমিটার সড়কের ৭০ কিলোমিটারই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে গত তিন মাসে ৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২০জন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। রাস্তা মেরামতের জন্য ভোলার সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমেছেন। এ সড়ক সংস্কার বাস্তবায়ন কমিটির ব্যানারে এই আন্দোলনের ধারাবাহিকতায় গত সোমবার মানব বন্ধন ও বাস ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। এর আগে ৫ জুন ভোলার বাংলার বাজার, চরফ্যাশন, শশীভূষণ, জনতা বাজার, লালমোহন, দাওরি ও কুঞ্জের হাটে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ভোলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক এমদাদুল হক সেলিম বলেন, ভোলা থেকে চরফ্যাশন যেতে সাধারণত দেড় ঘন্টা সময় লাগলেও রাস্তা ভাঙা থাকায় চার ঘন্টা সময় লাগছে। ওই রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত হয়ে যাওয়ায় যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তিনি জানান, এ ব্যাপারে ভোলা বাস মালিক সমিতি ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে রাস্তা মেরামতের দাবি জানিয়ে কোন ফল পাওয়া যায়নি। দিন যতই যাচ্ছে এ সড়কের অবস্থা ততই ভয়ানক হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বরাদ্দ না থাকার রাস্তার ওই অংশে মেরামত করা যাচ্ছে না। জেলার অপেক্ষাকৃত কম ব্যবহৃত বিভিন্ন সড়কের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ থাকলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ প্রায় নেই বিভাগের কর্মকর্তারা জানান। ভোলা সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ভোলা থেকে চরমানিকা পর্যন্ত ১১৩ কিলোমিটার সড়কের মধ্যে ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত ৭২ কিলোমিটার তৈরি হয়েছিল ১৯৮৪-৮৫ অর্থবছরে। ১৯৯৫-৯৬ অর্থবছরে চরফ্যাশন থেকে চরমানিকা পর্যন্ত বাকি ৪১ কিলোমিটার পর্যন্ত সড়ক তৈরি হয়। সর্বোচ্চ ১০ টন ওজনের যানবাহন চলার অনুমোদন থাকলেও ৯৬ সাল থেকেই এই রাস্তায় ভারী যান চলছে। এর মধ্যে দুই দফায় ৪৪ কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে, এখন সে অংশটুকুই কিছুটা ভালো। ভোলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহমেদ জানান, বর্তমানে ৬০ কিলোমিটার রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। এর মধ্যে ৩০ কিলোমিটার নির্মাণের জন্য আট কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রকল্পটি মন্ত্রণালয়ে পড়ে আছে। তিনি জানান, ভোলা-চরমানিকা সড়কটিকে মহাসড়কের আদলে তৈরির জন্য একটি পিরিয়ড মেইনটেনেন্স প্রোগ্রাম (পিএমপি) পাঠিয়েছে। এর জন্য দরকার ২০০ কোটি টাকা। মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দ না হওয়া পর্যন্ত কাজ করা সম্ভব নয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তাকে জানানো হয়েছে যে প্রকল্পটি মন্ত্রণালয়ে আটকে আছে, তা হয়তো আগামী সপ্তাহের মধ্যে অনুমোদন পেতে পারে। সড়ক সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি মো. ইউনুস ফারসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কটি ভোলার সাতটি উপজেলার ছয়টিকেই সংযুক্ত করেছে। ফলে ভোলার মানুষের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদি এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার প্রকল্প অনুমোদন না হয় তাহলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৫ ঘ.