২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় মঞ্জুর ৭ বছর কারাদণ্ড

৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার দায়ে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। স্বামীর অপরাধে সহায়তা করায় দুই বছর সাজা হয়েছে তাসমীমা হোসেনের। একই সাজা পেয়েছেন মঞ্জুর চাচাতো ভাই মাহমুদ হোসেন। তবে সাজাপ্রাপ্ত তিন জনই পলাতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 08:41 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার দায়ে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। স্বামীর অপরাধে সহায়তা করায় দুই বছর সাজা হয়েছে তাসমীমা হোসেনের। একই সাজা পেয়েছেন মঞ্জুর চাচাতো ভাই মাহমুদ হোসেন। তবে সাজাপ্রাপ্ত তিন জনই পলাতক। ৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় মঙ্গলবার রায় দেন সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আনোয়ার হোসেন মঞ্জুকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থ না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। তাসমীমা হোসেন ও মাহমুদ হোসেনের পাঁচ লাখ টাকা করে জরিমানা হয়েছে। এটা না দিলে উভয়কে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। মঞ্জুর বিরুদ্ধে গত ২৫ জুলাই রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম। এতে অভিযোগ করা হয়, ২০০১ সালে আনোয়ার হোসেন যোগাযোগমন্ত্রী থাকাকালে রাস্তা নির্মাণকারী একটি প্রতিষ্ঠান 'কুবেক' সর্বনিম্ন দরতাদা হিসেবে একটি কাজ পায়। মঞ্জু কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওই কোম্পানির কাছ থেকে ৭৫ লাখ টাকা ঘুষ নেন। তাসমীমা হোসেন, তাদের মেয়ে সীমা হোসেন এবং মাহমুদ হোসেনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষের ওই টাকা ভাঙানো হয়। মামলায় সীমা হোসেনের নাম থাকলেও পরে অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে দুটি মামলায় আনোয়ার হোসেন মঞ্জুর ১২ বছর সাজা হয়েছে। এর মধ্যে ঘুষের একটি মামলায় সাত বছর এবং মাদক আইনের একটি মামলায় তাকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪৪১ ঘ.