ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব ও পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের 'ক্রসফায়ারে' মঙ্গলবার ভোররাতে তিন জেলায় তিন জন নিহত হয়েছেন। পাবনায় নিহত হয়েছেন এক 'চরমপন্থী' নেতা। এছাড়া জয়পুরহাটে এক তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিশোরগঞ্জে এক ডাকাত সর্দার নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, জেলার আতাইকুলা থানার স্বরগ্রামে র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আনিসুর রহমান আনিস (৩৭)।
র্যাব-১২ এর পাবনা ফাঁড়ির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সল সাংবাদিকদের জানান, স্বরগ্রামের দাখেলি মাদ্রাসার পাশে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। রাত ৪টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষে আধা ঘণ্টাকাল গোলাগুলির পর চরমপন্থীরা পালিয়ে যায় জানিয়ে র্যাব কর্মকর্তা আহমেদ ফয়সল বলেন, "তারা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আনিসের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।"
সেখান থেকে একটি দোনলা বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিহত আনিস স্বরগ্রামের খোয়াজ মোকসেদের ছেলে। তার বিরুদ্ধে নয়টি হত্যামামলাসহ ২০টি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি আলাউদ্দিন মঙ্গলবার ভোররাতে র্যাবের 'ক্রসফায়ারে' নিহত হয়েছে।
র্যাব-৫ এর জয়পুরহাট ফাঁড়ির অধিনায়ক মেজর শাহ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একটি দল জয়পুরহাট জেলা শহরে টহল দেওয়ার সময় রাত সোয়া ২টার দিকে পাচুরচক সোনারপাড়া এলাকায় সন্ত্রাসীদের একটি আকস্মিকভাবে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
মেজর শাহ আলী বলেন, "মিনিট দশেক গোলাগুলির পর গুলিবিদ্ধ আলাউদ্দিনকে ফেলে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।"
ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, ৪ রাউন্ড গুলিভর্তি একটি শাটারগান এবং দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
নিহত আলাউদ্দিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার দেবীপুর গ্রামে। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, হোসেনপুর উপজেলায় মঙ্গলবার ভোররাতে র্যাব ও পুলিশের সঙ্গে 'ক্রসফায়ারে' নিহত হয়েছে ডাকাত সর্দার মিয়াস উদ্দিন (৪৮)।
রাত ৩টার দিকে হোসেনপুরের গড় বিষুদিয়া এলাকায় ডাকাত দলের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া।
বন্দুকযুদ্ধে মিয়াস উদ্দিন নিহত হওয়া ছাড়াও র্যাব ও পুলিশের চার সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আলী আশরাফ জানান, ডাকাত দলের বৈঠকের খবর পেয়ে র্যাব ও পুলিশের দুটি দল গড় বিষুদিয়া এলাকায় অভিযান চালায়। রাত ৩টার দিকে নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় পৌঁছলে ডাকাত দল গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষে আধা ২৫ মিনিট গোলাগুলিতে ডাকাত সর্দার মিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যায় বলে র্যাব কর্মকর্তা আলী আশরাফ জানান। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি, বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিহত মিয়াস উদ্দিনের বাড়ি হোসেনপুর উপজেলার চরপিতলগঞ্জ গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের অভিযোগে আটটি মামলার বিচারকাজ চলছে। এর আগে তিনটি ডাকাতি মামলায় ১৪ বছর সাজা ভোগ করে ২০০১ সালে সে জেল থেকে বের হয়।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র আতিকুর রহমান সেলিম অপহরণ মামলার মূল আসামি মিয়াস উদ্দিন। ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সেলিম অপহৃত হন। তার কোনও খোঁজ এখনও মেলেনি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24