২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে নাইকো মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে

আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 05:01 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। আগামী ১৬ জুন অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ দিন ধার্য করেন। এদিন এ মামলায় প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস আদালতে শুনানিতে অংশ নেন। কয়েকটি পৃথক আদালত সোমবার হাসিনাকে যে চারটি মামলায় ব্যক্তিগতভাবে হাজির হওয়া থেকে অব্যাহতি দেয় নাইকো তার একটি। এর আগে গত ৫ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মঙ্গলবার দিন ধার্য করেন। এ মামলার আসামিদের মধ্যে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক জ্বালানি সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। মামলার বাকি আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক। মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসকে/১০৫৪ঘ.