২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসি, পিডিবি ও পেট্রোবাংলার ভর্তুকি ধরা হয়েছে ৬৯৪০ কোটি টাকা

২০০৮-২০০৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পেট্রোবাংলার ভর্তুকি মিটানোর জন্য ৬৯৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-২০০৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পেট্রোবাংলার ভর্তুকি মিটানোর জন্য ৬৯৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত কর্মসংস্থানমূলক কর্মসূচি বাবদ ব্যয়কে সমন্বিত করে 'বিবিধ অনুন্নয়ন বিনিয়োগ' নামে অভিহিত করা হয়েছে। এর মধ্যে বিপিসি, পিডিবি ও পেট্রোবাংলার ভর্তুকি মেটানোর জন্য ৬৯৪০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৩৪০ কোটি টাকা। এই অঙ্ক বাজেটে মোট বরাদ্দের ৪ দশমিক ৩ শতাংশ। বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে এই বরাদ্দ ২১ শতাংশ বেশি। ২০০৭-২০০৮ অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ছিল ৩৫৮৫ কোটি টাকা। মোট বরাদ্দ ৪৩৪০ কোটি টাকার মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবে ৮৩৩ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের জন্য রাখা হয়েছে ৩৫০৭ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজেটে বিপিসি, পেট্রোবাংলা ও পিডিবির ভর্তুকির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, এখনই জ্বালানি তেলের দাম বাড়ছে না। সোমবারের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. এ বি মিজ্জা আজিজুল ইসলাম বলেন, "দেশের মোট জনসাধারণের ৪৩ শতাংশ বিদ্যুৎ সুবিধা আওতায় এলেও মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেক কম। ২০০৭ সালে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল ১৪০ কিলোওয়াট ঘণ্টা।" তিনি বলেন, "বর্তমানে বিদ্যুতের গড় চাহিদা ৪ হাজার ৫০০ মেগাওয়াট। গড় উৎপাদন ৩ হাজার ৬০০ মেগাওয়াট। ৯০০ মেগাওয়াটের এ ঘাটতি পূরনে যে বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার তা সরকারের একার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়।" অর্থ উপদেষ্টা বলেন, "চলতি অর্থ বছরে সরকারি ও বেসরকারি উদ্যোগ মিলিয়ে মোট ১২৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। জুন ২০০৮ নাগাদ আরও পাওয়া যাবে ২১০ মেগাওয়াট। ২০০৮ এর ডিসেম্বর নাগাদ বেসরকারি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাবে ৩২০ মেগাওয়াট এবং ১০টি ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র থেকে আরো ১৬৬ মেগাওয়াট। জরুরি পরিস্থিতিতে পুরনো প্ল্যান্ট সংস্কার ও মেরামত করে ৩১৮ মেগাওয়াট উৎপাদন বাড়ানো হয়েছে।" তিনি বলেন, বেসরকারি খাতে চারটি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০১০ সাল নাগাদ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। আর সরকারি খাতে নির্মানধীন তিনটি প্ল্যান্টের উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৮০ মেগাওয়াট। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রস্তাবিত রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনে সহযোগিতা দিতে রাজি হয়েছে। উপদেষ্টা জানান, প্রাকৃতিক গ্যাস থেকে দেশের ৭৫ শতাংশ বাণিজ্যিক চাহিদা পুরণ করা হচ্ছে। আবিস্কৃত গ্যাসের প্রমাণিত মজুদ ১৫ দশমিক ২৭ ট্রিলিয়ন ঘণফুট। এর মধ্যে অবশিষ্ট আছে ৭ দশমিক ৮৬ ট্রিলিয়ন ঘনফুট। ২৩টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন ১৭০০ মিলিয়ন ঘনফুট। নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কৃত না হলে ২০১১ সালের পরবর্তী সময়ে সরবরাহে সঙ্কট সৃষ্টি হবে। অনুসন্ধান কাজে বাপেক্সকে আগামী ৭ বছরে ৩২০০ কোটি টাকা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২২৯ ঘ.