ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।
তিনি বলেছেন, "দুদক চেয়ারম্যান পদত্যাগ করেছে, এ ধরনের কোনও সংবাদ আমাদের জানা নেই। এটা গুজব ও ভিত্তিহীন।"
সোমবার কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে হানিফ ইকবাল এ কথা বলেন। হাসান মশহুদ পদত্যাগ করেছেন বলে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সত্যতা জানতে চাইলে তিনি এ কথা বলেন।
প্রকাশিত সংবাদের বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, "কোনও পত্রিকা যদি তা লিখে তার দায়িত্ব ওই পত্রিকার।"
তিনি আরও বলেন, "আমরা শুনেছি, চেয়ারম্যানের মা অসুস্থ হয়ে সিএমএইচ-এ ভর্তি হয়েছেন। এ খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে দু-একদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন।"
প্রায় এক মাসের ব্যক্তিগত সফরে হাসান মশহুদ চৌধুরী বিদেশ রয়েছেন। তিনি বর্তমানে আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এই সফরে তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও যান।
সোমবারের সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, প্রায় ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা মামলায় বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান, তার ভাই সালমান এফ রহমান ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
হানিফ ইকবাল জানান, পরস্পর যোগসাজসে সোনালী ব্যাংক লোকাল অফিস থেকে সাইনপুকুর হোল্ডিংস লিমিটেডের নামে ১২৮ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ২১৮ টাকা ঋণ তুলে তা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে।
সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, তার স্ত্রী নাসিমা হক, ছেলে মাসফিকুল হক এবং সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও হানিফ ইকবাল জানান।
সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে এদের বিরুদ্ধে মামলাগুলো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০০৪ ঘ.
bdnews24