২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পটকা মাছ খেয়ে একজনের মৃত্যু, পরিবারের আরও তিনজন হাসপাতালে

সদর উপজেলার কচুকাটা উত্তরপাড়া গ্রামে রোববার রাতে পটকা মাছ খেয়ে একজন মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

নীলফামারী, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)-- সদর উপজেলার কচুকাটা উত্তরপাড়া গ্রামে রোববার রাতে পটকা মাছ খেয়ে একজন মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের আরও তিনজন। ওই দিন নাটোরে পটকা মাছ খেয়ে মারা যান পাঁচজন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আরও শতাধিক লোক। কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোজাম্মেল হক জানান, উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সফর উদ্দীন (৩৯) রোববার সন্ধ্যায় বাজার থেকে পটকা মাছ (স্থানীয় ভাষায় টেপা মাছ) কিনে আনেন। রাতেই ওই মাছ দিয়ে ভাত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার বমি শুরু হয়। আধা ঘন্টার মধ্যে তিনি মারা যান। সফর উদ্দীনের বমি খেয়ে মারা গেছে ওই বাড়ির দু'টি পোষা কুকুর। ওই মাছ দিয়ে ভাত খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মৃত সফর উদ্দিনের ছেলে মশিউর রহমান (১৬), ভাগ্নি মল্লিকা বেগম (৭) ও শ্যালক নুর হক (২৭)। তারা নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান বলেন, "পটকা মাছের বিষক্রিয়ায় অসুস্থরা বমি করছেন। জরুরি ভিত্তিতে তাদের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে তারা সুস্থ হয়ে উঠবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৬ ঘ.