২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির বরাদ্দ ৪৮ কোটি টাকা বাড়ছে

২০০৮-০৯ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৫৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। এ অঙ্ক বিদায়ী অর্থবছরে বরাদ্দের চেয়ে ৪৮ কোটি টাকা বেশি। ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ রাখা হয় ৫১৪ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৫৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। এ অঙ্ক বিদায়ী অর্থবছরে বরাদ্দের চেয়ে ৪৮ কোটি টাকা বেশি। ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ রাখা হয় ৫১৪ কোটি টাকা। জাতীয় নির্বাচনসহ স্থানীয় বিভিন্ন নির্বাচন আগামী অর্থবছরের মধ্যেই হওয়ার কথা রয়েছে। ইসি এ জন্য নতুন বাজেটে ৫৭০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। নতুন বাজেটে ইসির বরাদ্দকৃত অর্থের মধ্যে উন্নয়ন ব্যয়ের জন্য ৪৬০ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয়ের জন্য ৮৮ কোটি টাকা রাখা হয়েছে। সোমবার অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেন, "নির্বাচন কমিশন সচিবালয় পুনর্গঠন করা হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ-২০০৮ জারির মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়কে একটি স্বাধীন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যাপক পরিসরে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।" তিনি বলেন, "সেনাবাহিনীর সহযোগিতায় আধুনিক প্রযুক্তিতে ভোটার নিবন্ধন কার্যক্রম প্রায় সম্পন্ন করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জারি করা হয়েছে ভোটার তালিকা অধ্যাদেশ-২০০৭। আশা করা যায়, অচিরেই ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হবে। কমিশনের এই কর্মসূচি গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।" ইসি সচিবালয় ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে যে চাহিদা অর্থ বিভাগে দিয়েছিল, তা হচ্ছে- জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের জন্য ২৫০ কোটি টাকা, পৌরসভা নির্বাচনের জন্য ২ কোটি ১০ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২০০ কোটি ৫০ লাখ টাকা, উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ১০০ কোটি ৫০ লাখ টাকা, সিটি করপোরেশন নির্বাচনের জন্য ১২ কোটি টাকা, পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের জন্য ৫ কোটি টাকা। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার একদিন আগে রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "অর্থ আমাদের জন্য কোনও সমস্যা হবে না। আমরা যা চাইব, সরকার তাই দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯০২ ঘ.