২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোভাযাত্রা করে মনোয়নপত্র জমা দিলে তা বাতিল হবে: সিইসি

কোনো প্রার্থী শোভাযাত্রা করে মনোয়নপত্র জমা দিতে গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেছেন, নতুন নির্বাচনী আইনে প্রার্থীদের জন্য অন্তত ২০ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো প্রার্থী শোভাযাত্রা করে মনোয়নপত্র জমা দিতে গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেছেন, নতুন নির্বাচনী আইনে প্রার্থীদের জন্য অন্তত ২০ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বলেছেন, বিষয়গুলো নতুন; কাজেই প্রার্থীদের এ ব্যাপারে সচেতন করার উদ্যোগ নেয়া হবে। রোববার নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই)-এ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, "আগামী ২০ জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নতুন আইন খুব কঠিন নয়, কিন্তু জটিল। এ জন্য সংশ্লিষ্টদের আগে বিষয়টি জানাতে হবে।" বর্তমান আইনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের জন্য ২০ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে শামসুল হুদা বলেন, নির্বাচনী প্রচারণায় কী করা যাবে, কী যাবে না এবং মনোনয়নপত্রে কী কী তথ্য দিতে হবে- এসব বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।" নির্বাচনী আচরণবিধির বিবরণ দিতে গিয়ে শামসুল হুদা বলেন, "মনোনয়নয়পত্রে ৮টি তথ্য দিতে হবে প্রার্থীকে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে 'নো শো ডাউন'। কেউ শো ডাউন (শোভাযাত্রা) করলেই প্রার্থিতা বাতিল। রাস্তা বন্ধ করে মিটিং করা চলবে না, মসজিদে-মন্দিরে নির্বাচনী প্রচারণা চলবে না। এসব অবশ্যই মেনে চলতে হবে।" সিইসি বলেন, "নতুন বিধি সম্পর্কে অবগত না থাকলে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়ে যেতে পারে। আমরা আশা করি, আগামীতে সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচনে আসবে। সামান্য ভুলের জন্য কারো প্রার্থীতা বাতিল হলে তা হবে দুঃখজনক।" ইসি সচিবালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, "মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। এ জন্য সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য প্রার্থীদের সচেতন করতে আপনাদেরই দায়িত্ব পালন করতে হবে।" নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আইনের বিধি-বিধান সম্পর্কে সচেতন করতে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "আগামী ১৮ জুন সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণে এই ধারাবাহিক প্রশিক্ষণ শুরু হবে।" চলতি মাসের ১৫ তারিখের মধ্যে স্থানীয় নির্বাচন বিধিমালা হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন সিইসি। নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের তিন দিনের এ কর্মশালায় কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, উপ নির্বাচন কমিশনার ও সারাদেশের জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা- এই চার সিটি করপোরেশন এবং শরীয়তপুর, সীতাকুণ্ড (চট্টগ্রাম), কক্সবাজার, গোলাপগঞ্জ (সিলেট), শ্রীপুর (গাজিপুর), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), মানিকগঞ্জ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) ও নওহাটা (রাজশাহী)- এই নয় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে কমিশন এ কর্মশালার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১৫১ ঘ.