চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালখান বাজার এলাকার একটি ঝালাই কারখানায় রোববার বিকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
নিহতের নাম মো. শাহজাহান (২৫)। তিনি কারখানার মালিক বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- কারখানার শ্রমিক মোহাম্মদ আলী (২০) ও মো. সোহাগ (১৪)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলশী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক হাসান আল মামুন জানান, বিকাল সাড়ে চারটার দিকে খুলশী থানা এলাকার লালখান বাজার পুলিশ লাইনের অদূরে মনছুর ওয়ার্কশপ নামে একটি ঝালাই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারের টুকরোর আঘাতে কারখানার মালিক শাহজাহান (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় কারখানায় কর্মরত দুই শ্রমিক আহত হন।
বিকট শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগুন ধরে যায়। তবে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
উপ-পরিদর্শক মামুন জানান, পুলিশ আহত দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তিনি আরও জানান, ত্র"টিজনিত কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24