সাভার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার বাড্ডা মহল্লা থেকে রোববার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে সাভার থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক হলেন- রফিকুল ইসলাম (২৮)। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া থানার পাকুড়িয়া এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, দুপুর ২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড্ডা মহল্লার ১৬০/১ নম্বর বাড়ি থেকে জেএমবি সদস্য সন্দেহে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোনের তিনটি সিমকার্ড, একটি ফোন সেট ও তিনটি ডায়েরিসহ বেশ কিছু কাগজপত্র।
আটক রফিকুল ইসলাম সাভার থানা হেফাজতে রয়েছেন বলে তিনি জানান।
ওসি আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে তাকে প্রতারক বলে মনে করছে পুলিশ। তবে তাকে জেএমবি সদস্য সন্দেহে আটক করায় এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
বাড়ির মালিক চাঁন মিয়া জানান, তিন মাস আগে রফিকুল ইসলাম বাসা ভাড়া নেন। তিনি নিজেকে সব সময় 'ম্যাজিষ্ট্রেট' পরিচয় দিতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24