২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ও কোকোর বিষয়ে মেডিক্যাল রিপোর্টে সরাসরি কিছু বলা হয়নি

উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে বিদেশে পাঠানোর ব্যাপারে গঠিত মেডিক্যাল রিপোর্টে সরাসরি কিছু বলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে বিদেশে পাঠানোর ব্যাপারে গঠিত মেডিক্যাল রিপোর্টে সরাসরি কিছু বলা হয়নি। মেডিক্যাল বোর্ডের সুপারিশে শেখ হাসিনার কানের সমস্যার জন্য 'আগের প্রতিষ্ঠানে' চিকিৎসা নিতে বলা হয়েছে। আর কোকোর বিষয়ে দেশে বা বিদেশে চিকিৎসার সুপারিশ করা হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজস্ব ও উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, "শেখ হাসিনা আগে যে ধরনের প্রতিষ্ঠানে কানের চিকিৎসা নিয়েছেন, এখনও সে ধরনের প্রতিষ্ঠানেই তার চিকিৎসা করাতে হবে বলে মেডিক্যাল বোর্ড সুপারিশ করেছে"। শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী রোববার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় কানের চিকিৎসা করান। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ব্যাপারে মেডিক্যাল বোর্ডের সুপারিশের উদ্ধৃতি দিয়ে কারা মহাপরিদর্শক বলেন, আরো কিছু স্বাস্থ্য পরীক্ষাসহ কোকোর উন্নত চিকিৎসার প্রয়োজন। সেটা দেশে বা বিদেশে যে কোনো যায়গায় হতে পারে। কারা মহাপরিদর্শক দুপুরে এ কথা বলার সময় জানান, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সুপারিশ তার হাতে পৌঁছায়নি । এছাড়া তারেক রহমানের স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে মেডিক্যাল বোর্ড গঠন সংক্রান্ত কোন তথ্য তার কাছে নেই বলে সাংবাদিকদের অবহিত করেন তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৫৪৬ঘ.