রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ বছরের বেশি সময় পর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে নতুন লাইন চালু করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একইসঙ্গে বন্দরনগরীর বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অপর একটি প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে।
পিডিবির এ দুই উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলের হাজারো জনগণ যেমন নতুন করে বিদ্যুৎ সুবিধা ভোগের আওতায় আসবে, তেমনি মহানগরীর বাসিন্দাদের বিদ্যুৎ নিয়ে ভোগান্তি আগের চেয়ে কমে আসবে বলে পিডিবির কর্মকর্তারা আশা করছেন।
পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের দুটি উপজেলাসহ বিভাগের আরও ছয়টি জেলার অনেক অংশে বিগত ২৫ বছর ধরে নতুন লাইন স্থাপন করা হয়নি। তেমনি বিদ্যমান লাইনেও বড় ধরনের সংস্কার হয়নি।
তিনি বলেন, "সংস্কার না হওয়ায় এবং চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় পুরনো লাইনের ওপর চাপ পড়ছে। আবার দীর্ঘদিন বিদ্যুৎ থেকে বঞ্চিতরা নতুন লাইন স্থাপনের জন্য পিডিবির দারস্থ হচ্ছে। এ জন্য 'চট্টগ্রাম অঞ্চলের গ্রামীণ এলাকায় জরুরি ভিত্তিতে লাইন নির্মাণ ও সংস্কার' নামে প্রায় ১১৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। এছাড়া প্রায় ৮৭০ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের (৩য় পর্যায়) কাজ নির্ধারিত সময়ের ৩ বছর পর আগামী জুন মাসে শেষ হচ্ছে।"
"এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম অঞ্চলে ১ হাজার ৫১১ কিলোমিটার নতুন লাইন স্থাপন এবং ১ হাজার ২৭৭ কিলোমিটার লাইনের সংস্কার সম্পূর্ণ হবে", বলেন আবুল কাশেম।
চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বর্তমানে বিদ্যুৎ চাহিদা প্রায় ৬০০ মেগাওয়াট। কর্মকর্তারা বলছেন, ২০১০ সাল নাগাদ এ চাহিদা আরও দেড়শ মেগাওয়াট বাড়বে। ভবিষ্যতের কথা চিন্তা করেই বৃহত্তর চট্টগ্রামে এ দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রধান প্রকৌশলী আবুল কাশেম জানান, নতুন প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার হাটহাজারী, সাতকানিয়া, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সদরের বাইরের বেশ কিছূ এলাকা ছাড়াও চকরিয়া, লাকসাম, বুড়িশ্চর, চৌদ্দগ্রামের বেশ কিছু এলাকার গ্রাহকরা নতুন করে বিদ্যুৎ সুবিধা পাবেন।
তিনি জানান, এসব এলাকায় বিভিন্ন ধারণ ক্ষমতার (ক্যাপাসিটির) ৩৫০ কিলোমিটার নতুন লাইন স্থাপন এবং ১৫৩ কিলোমিটার পুরনো লাইন সংস্কার করা হবে। এছাড়া, ১২টি ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন পাঁচটি উপকেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহের জন্য ১৭৪টি ট্রান্সফরমার স্থাপন এবং তিনটি পুরনো উপকেন্দ্র সংস্কার করা হবে।
তিন মাস আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এটির অনুমোদন দেওয়া হয়েছে এবং সরকার এ প্রকল্পের টাকা ২০০৮-০৯ অর্থ-বছরের বার্ষিক উন্নয়ন খাত (এডিপি) থেকে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে বলে আবুল কাশেম জানান। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরুর জন্য আগামী জুলাই মাস থেকে দরপত্র আহবান করা হবে। প্রকল্প অনুযায়ী ২০১০ সালের জুন মাসে এর কাজ শেষ হবে।
অপরদিকে, সরকারের ৫৪৮ কোটি টাকা এবং কুয়েত ফান্ডের ৩২২ কোটি টাকা অনুদানের অর্থে বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে।
পিডিবি'র এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিভিন্ন ক্ষমতাসম্পন্ন এক হাজার ১৬১ কিলোমিটার নতুন লাইন ও এক হাজার ১২৪ কিলোমিটার পুরনো লাইন সংস্কার করা হচ্ছে। এছাড়া, পাঁচটি নতুন উপকেন্দ্র এবং ১৫০০টি নতুন বিতরণ ট্রান্সফরমার স্থাপন করা হচ্ছে।
প্রধান প্রকৌশলী জানান, এ প্রকল্পের সুবিধা ইতোমধ্যে পেতে শুরু করেছে নগরবাসী।
তিনি বলেন, "নগরীর বাকলিয়া, সীতাকুণ্ডের বার আউলিয়া, হাটহাজারী, দোহাজারী ও কক্সবাজারে ১৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্যাপাসিটির ব্যাংক স্থাপন করায় জাতীয় গ্রিড থেকে অধিক পরিমাণে বিদ্যুৎ পেতে আগের মতো ঝক্কি পোহাতে হচ্ছে না। পাশাপাশি লো ভোল্টেজ এবং অনাকাক্সিক্ষত লোডশেডিং সমস্যা অনেকটাই লাঘব হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২৫০ ঘ.
bdnews24