২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন অভিযোগে চার জেলায় পাঁচজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জ শহর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মাগুরার শালিকা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শুক্রবার ও শনিবার অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ শহর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মাগুরার শালিকা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শুক্রবার ও শনিবার অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা সহসভাপতি মাসুদুর রহমান পল্লবকে শনিবার সন্ধ্যায় শহরের আখরাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, "পল্লবকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।" গ্রেপ্তারের পর পল্লবের দেওয়া তথ্যের ভিত্ততে হযরত নগর গোরস্থানের একটি কবর থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রাম থেকে শনিবার ভোরে একটি রিভলভারসহ সাবেক ইউপি সদস্য মনু মিয়াকে (৫০) আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৯ এর একটি দল ভোর ৪টার দিকে দক্ষিণ পাঁচাউন গ্রাম থেকে মনু মিয়াকে আটক করে। এ সময় তার বিছানার তোশকের নিচ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়। তিনি জানান, নিজস্ব বাহিনী গড়ে তুলে মির্জাপুর ইউনিয়নের নিরীহ লোকজনের জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মনু মিয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে দুটি খুন, একটি ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা। মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার শালিখা ও যশোরের বাঘারপাড়া উপজেলার সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার তৈবুর রহমান ওরফে তোতাকে (৪৫) একটি শাটারগানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শালিখা থানার উপ-পরিদর্শক দুলাল চন্দ্র জানান, শনিবার ভোরে শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রাম থেকে তোতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তোতার বিরুদ্ধে শালিখা ও বাঘারপাড়া থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ভোর রাতে শ্রীফলগাঁতী এলাকা থেকে মো. হেলাল উদ্দিন (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২'র মেজর আবু নশর মোহাম্মদ মোস্তফা জানান, হেলালের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া, উল্লাপাড়ায় শুক্রবার রাতে মো. ভুট্টু (৩৪) নামের এক ব্যক্তিকে পাইপগানসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২'র সহকারী পুলিশ সুপার শহিদ উল্লাহ বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ভুট্টুকে সলপ রেল স্টেশন এলাকা থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পাইপগান উদ্ধার করা হয়। তিনি জানান, ভুট্টুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএসবি/জেকে/২২৪৮ ঘ.