ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে রোববার।
সংসদ ভবনের বিশেষ আদালত-৯ এ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে।
গত ১ জুন মামলাটি বিচারের জন্য বিশেষ আদালতে উঠলেও সেদিন বিচারক খোন্দকার কামাল উজ্জামান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার নথি ও আলামত দেখার জন্য আদেশ দিয়ে পরবর্তী তারিখ রোববার ধার্য করেন।
গ্রেপ্তারের নয় মাস পর ওই দিন কারাবন্দি বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির করা হয়।
রোববার শুনানিতেও খালেদা জিয়াসহ মামলার অপর আসামিদের আদালতে হাজির করার কথা রয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার নথি ও আলামত আদালত আসামি পক্ষের আইনজীবীদের দিয়েছে। এখন মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।"
২৬ মে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে ওঠে।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৫ মে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। এতে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত।
মামলার অভিযোগে বলা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়া হয়। ১১ আসামির যোগসাজশে করা নাইকোর সঙ্গে চুক্তি রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছে।
মামলায় অপর আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এদের মধ্যে কামাল উদ্দিন সিদ্দিকী, সিএম ইউসুফ ও কাশেম শরীফ পলাতক রয়েছেন। খালেদা জিয়াসহ বাকিরা কারাগারে।
মামলার প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) কামাল উদ্দিন, ইউছুফ হোসাইন, ময়নুল হক, শফিউর রহমান, মামুন ও সেলিম ভূঁইয়ার নাম ছিল না। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/১৭২৪ ঘ.
bdnews24