২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি : প্রবেশপত্র পেয়েও ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী

শুধু একাদশ শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীই নয়, প্রবেশপত্র হাতে পাওয়ার পরও হাজার হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার পাঁচশ'তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু একাদশ শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীই নয়, প্রবেশপত্র হাতে পাওয়ার পরও হাজার হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার পাঁচশ'তে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রস্তুতির অভাব কিংবা প্রত্যাশা অনুযায়ী প্রথম দিকের পরীক্ষা ভালো না হওয়ায় এসব পরীক্ষার্থী ঝরে পড়ছে। ঢাকা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "যারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি মূলত তারাই পরীক্ষায় অংশ নিচ্ছে না। এছাড়া অনেক ভাল ছাত্র আছে যারা একটি পরীক্ষা খারাপ হওয়ার পর আশানুরূপ ফলাফল করতে না পারার আশঙ্কায় পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নেয় না। তারা ভাবে পরবর্তী বছর আরো ভালো করবে।" তবে কেন্দ্র থেকে পাঠানো তথ্যে কিছু গড়মিলের কারণেও এবার অনুপস্থিতির সংখ্যা বেশি দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ড. জয়নুল আবেদীন বলেন, "দেখা যাচ্ছে প্রথম দিন যারা অনুপস্থিত ছিল দ্বিতীয় দিনেও তাকে অনুপস্থিত দেখিয়ে ওইদিনের অনুপস্থিতির তথ্য পাঠানো হচ্ছে। এতে সংখ্যাটি বেশি মনে হচ্ছে।" শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসেবে ২৯ মে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় নয় বোর্ডে ৩০,৪৯৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮৭২৭ , দ্বিতীয় দিনে ৭৫৩০, তৃতীয় দিনে ৫৮৯০ এবং চতুর্থ দিনে অনুপস্থিত ছিল ৮৩৫০ শিক্ষার্থী। চার পরীক্ষায় ৭০০১ অনুপস্থিত নিয়ে ঢাকা বোর্ড ছিল শীর্ষে। এছাড়া রাজশাহীতে ৩২৪১, যশোরে ২২৬৫, বরিশালে ১১৭৮, সিলেটে ১০২৯, কুমিল্লায় ১৮৮৩ এবং চট্টগ্রামে ১৪৩৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আলীম ও এইচএসসি বিএমে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৫৬৯৮ এবং ৬৭৬৭। চলতি বছর সাতটি শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডে মোট ছয় লাখ সাত হাজার ৬৫৪ জন নিয়মিত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করে। এদের মধ্যে পরীক্ষা দিচ্ছে ৪ লাখ ৬৪ হাজার তিনশ'৫৭ জন। এ হিসেবে এক লাখ ৪৩ হাজার ২৯৭ শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণের আগেই ঝরে পড়ে। আর প্রবেশপত্র হাতে পাওয়ার পরও প্রথম চারটি পরীক্ষায় ঝরে পড়েছে ৩০,৪৯৭ জন। পরীক্ষা শেষে এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৯ মে থেকে ২০০৮ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৬ লাখ ২০ হাজার ২০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এসকে/১৬৫৯ঘ.