ঝিনাইদহ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে শুক্রবার ভোররাতে রাতে পুলিশের 'ক্রসফায়ারে' হারুন ওরফে তৌহিদ নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
হারুন নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি সদর উপজেলার অশ্বস্থলী গ্রামে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলি সাংবাদিকদের জানান, চরমপন্থী নেতা হারুনকে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার টঙ্গি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে নিয়ে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল।
ওসি বলেন, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ দুর্গাপুর এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে বোমা হামলা ও গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় হারুন। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে সে মারা যায়।
এদিকে ১৫-২০ মিনিট গোলাগুলির পর অপর চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একটি বোমা, একটি বন্দুক, দুটি গুলি পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা ওয়াজেদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫১ ঘ.
bdnews24