ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-সচিব পর্যায়ের ৮ কর্মকর্তা পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চার উপ-সচিবকে পদায়ন করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা মাহমুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-সচিব নিজাম উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাসেম মোহাম্মদ বোরহান উদ্দীনকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) রশীদ আহমেদকে চট্টগ্রাম ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
পদায়নকৃত চারজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিবের মধ্যে প্রমথ ভূষণ রায়কে ঢাকার উপ-ভূমি সংস্কার কমিশনার, ফজলুল করিমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব, সুলতান মাহমুদকে বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব এবং মজিবুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
উপ-সচিব সুলতান মাহমুদ বর্তমানে বেটার বিজনেস ফোরামের পরিচালক হিসেবে সংযুক্ত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএইচবি/২২০৪ ঘ.
bdnews24