ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে প্রায় ৮০ হাজার ডলার হস্তান্তর ও তথ্য গোপনের অভিযোগে প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্রের সভাপতি কাজী ফারুক আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিং- এ মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, "প্রশিকার সভাপতি কাজী ফারুক আহমেদ, সিনিয়র সহসভাপতি মাহবুবুল করিম, ডেভিড উইলিয়াম বিশ্বাস, মো. ইউসূফ মিয়া ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক মির্জা আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ৫৩ হাজার ৩৬৬ দশমিক ৩৬ মার্কিন ডলার অবৈধভাবে হস্তান্তর ও নিয়ন্ত্রণ এবং ২৪ হাজার ৬৯০ দশমিক ৪১ মার্কিন ডলার অর্জন ও গোপনের অভিযোগ আনা হবে।"
হানিফ ইকবাল আরো জানান, সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা কাজী জাফর উল্যা, তার স্ত্রী নিলুফার উল্যা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান ও তার স্ত্রী শ্যামা সিজান খানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এছাড়াও সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান মফিজউল্লাহর বিরুদ্ধে ১৬ লাখ ১৫ হাজার ৫২২ টাকা ক্ষতি সাধনের মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান বুধবার কমিশনের দু'জন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। তারা দুদকের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০৫৬ ঘ.
bdnews24