ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়া ও যশোর-ঝিনাইদহ সড়কে বুধবার আলাদা দুর্ঘটনায় মারা গেছে দু'জন। এছাড়া, নাটোরের রাথুরিয়ায় বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আরো দু'জনের মৃত্যু হয়েছে।
আমাদের যশোর ও নড়াইল প্রতিনিধি জানান, বুধবার যশোরের বাঘারপাড়ার বলদেঘাটা মোড়ে যাত্রীবাহী বাস ও মটর সাইকেলের সংঘর্ষে স্থানীয় পত্রিকা 'ওশান' এর সাংবাদিক প্রদীপ কুণ্ড (৩১) মারা যান। এছাড়া, যশোর-ঝিনাইদহ সড়কে বারীনগর বাজারে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে মারা যান সাহেরা বেগম নামের একজন।
যশোর কোতোয়লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেলে করে বাঘারপাড়া থেকে নড়াইল যাওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হন প্রদীপ কুণ্ডু। এ সময় আহত হন তার সঙ্গী মোটরসাইকেল আরোহী শৈবাল দাস। অপর দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে কারের যাত্রী সাহেরা বেগম মারা যান।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সঞ্জিত কুমার সাহা জানান, আহত শৈবাল দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের রাথুরিয়ায় বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার মধ্যরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন মারা গেছে।
বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রাথুরিয়া সেতুর কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির অজ্ঞাত দু'আরোহীর মৃত্যু হয়।
গুরুতর আহত আরেকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ট্রাকদুটির চালক ও হেল্পারদের খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩০ ঘ.
bdnews24