২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত হয়েছেন ৯৩ ভাগ ভোটার

সারাদেশে ১ জুন পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটি ভোটার নিবন্ধিত হয়েছেন। এই সংখ্যা সম্ভাব্য ৮ কোটি ভোটারের ৯৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ১ জুন পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটি ভোটার নিবন্ধিত হয়েছেন। এই সংখ্যা সম্ভাব্য ৮ কোটি ভোটারের ৯৩ শতাংশ। নির্বাচন কমিশন আশা করছে, চলতি মাসেই সম্ভাব্য ৮ কোটি ভোটারের সবাইকে নিবন্ধিত করে ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করা সম্ভব হবে। আর সেক্ষেত্রে কাজ শুরুর পর এক বছরের মধ্যে ভোটার তালিকার মাঠপর্যায়ের কাজ শেষ করতে পারবে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সরওয়ার মোর্শেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ জুন পর্যন্ত দেশের ৪৩১টি এলাকায় (সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা) ভোটার নিবন্ধনের কাজ শেষ হয়েছে। বর্তমানে ৫৯টি এলাকায় কাজ চলছে। ইতোমধ্যে ৭ কোটি ৪৫ লাখ ২ হাজার ৬২২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। যা সম্ভাব্য ভোটারের ৯৩ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে নিবন্ধিত প্রায় সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে ২ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৫১০ জনের জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয়েছে এবং ১ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ১৫ জনের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গত মে মাসে বলেছিলেন, ভোটার তালিকার কাজ যেভাবে এগুচ্ছে তাতে জুন মাসেই তা সম্পন্ন হতে পারে। গত বছর ১০ জুন শ্রীপুরে ভোটার তালিকার পাইলট প্রকল্প শুরু করে নির্বাচন কমিশন। এ প্রকল্প চলে ৩০ জুন পর্যন্ত। গত ১৪ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এর উদ্বোধন করেন। এরপর ১১ নভেম্বর থেকে দেশের বিভিন্নস্থানে পর্যায়ক্রমে নিবন্ধন কর্যক্রম শুরু হয়। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পের (পিইআরপি অ্যান্ড এফআইএনআইডিসি) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সেপ্টেম্বরে ১২ লাখ, অক্টোবরে ১৮ লাখ ৩০ হাজার, নভেম্বরে ৬৬ লাখ ৪০ হাজার, ডিসেম্বরে ১ কোটি ২ লাখ ৯০ হাজার, চলতি বছরের জানুয়ারিতে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার, ফেব্র"য়ারিতে ১ কোটি ৩ লাখ ৮০ হাজার, মার্চে ১ কোটি সাড়ে ১৬ লাখ, এপ্রিলে ১ কোটি ৬ লাখ এবং মে মাসে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ভোটার নিবন্ধিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৮৩৭ ঘ.