ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল আবেদন এক মাসের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমীনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালত একই সঙ্গে এ মামলা বাতিলে তারেকের আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে শুনানির পদক্ষেপ নিতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছে।
আপিল বিভাগের এ আদেশের ফলে তারেকের মামলা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকলো।
আদালতের আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ কমিশনের লিভ টু আপিল এক মাস মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন। এ সময়ের মধ্যে তারেকের মামলা বাতিলের আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে শুনানির পদক্ষেপ নিতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন। আমরা আজই সে উদ্যোগ নিচ্ছি।"
আপিল বিভাগের আদেশের ফলে তারেকের মামলা স্থগিত করে দেওয়া আদেশ আপাতত বহাল থাকলো বলে আনিসুল হক জানান।
তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ১ অক্টোবর এ মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় এ মামলা দায়ের করে। তারেককে সহায়তার অভিযোগে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকেও এ মামলায় আসামি করা হয়।
তদন্ত শেষে গত ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন এ মামলায় অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24