খাগড়াছড়ি, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ছোট্ট খাগড়াছড়ি গ্রামের ত্রিপুরা পাড়ায় মঙ্গলবার ভোররাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে একটি আদিবাসী পরিবারের দুজন মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন আরও ১২ জন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমিত্রা ত্রিপুরা জানান, খাগড়াছড়ি শহর থেকে ২০ কিলোমিটার পূর্বে গোলাবাড়ী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ছোট্ট খাগড়াছড়ি গ্রামে সোমবার রাতে কয়েকজন ডায়রিয়া আক্রান্ত হন। মঙ্গলবার ভোর রাতে রাজশ্রী ত্রিপুরা (৫০) ও তার ছেলে মন্ত ত্রিপুরা (২৫) মারা যান।
তিনি জানান, আক্রান্ত আরও ১২ আদিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- অতিপূর্ণ ত্রিপুরা (১৪), মধু ত্রিপুরা (৮), আকাশ ত্রিপুরা (৮), কলাতি ত্রিপুরা (৩৩), ফনিভূষণ ত্রিপুরা (১৪), বানমালা ত্রিপুরা (১৭), মলিন্দ্র ত্রিপুরা (১৮), কলিচান ত্রিপুরা (১৬), বিনয় কুমার ত্রিপুরা (১৭), সুমিতা ত্রিপুরা (২০), ব্রতশ্রী ত্রিপুরা (৫০), লক্ষণ ত্রিপুরা (২৮)।
ডা. সুমিত্রা জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদ তালুকদারের নেতৃত্বে চার সদস্যের একটি চিকিৎসক দল আক্রান্ত এলাকায় গেছেন।
জেলা সিলিভ সার্জন ডা. মো, আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডায়রিয়ার প্রাদুর্ভাব ও চিকিৎসার ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মণিন্দ্র লাল ত্রিপুরা, সদস্য রুইথি কার্বারী, সানুমং মারমা মনু, আবু বক্কর সিদ্দিকী, অনিমেষ দেওয়ান নন্দিত, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, পরিষদের সাবেক চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক সদস্য অনিমেষ চাক্মা রিংকু, অনুপম ত্রিপুরা আক্রান্ত দেখতে হাসপাতালে যান।
গ্রামে যাতে ডায়রিয়ার প্রাদুর্ভাব রোধে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। উপ-সহকারী প্রকৌশলী মো. আলাউদ্দীন সাংবাদিকদের বলেন, ছোট্ট খাগড়াছড়ি গ্রামে শিগগিরই নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24