ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে না বলে দেওয়া রায় স্পষ্ট করার আবেদনের শুনানির অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমীনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ অনুমতি দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান গত ২৮ মে এ আবেদন দায়ের করেছিলেন।
জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তের জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল গত ২৩ এপ্রিল মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট।
গত বছর ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
এরপর ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় খুলনার ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে গত বছরের ২৯ মার্চ জামিন আবেদন করেন।
ওই বছরের ২২ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন দিতে পারবে বলে রায় দেয়। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেয়। ওই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এসকে/১৬২৬ঘ.
bdnews24