ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থানা এলাকার বালুরপাড় ইটখোলায় গত ২৩ মে 'গণপিটুনি'তে নিহত তিন যুবককের একজনের বাবা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তার ছেলেসহ ওই যুবকদের হত্যা করা হয়েছে।
নিহত রাসেলের বাবা সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সংবাদ সম্মেলনে রাসেলের মাও উপস্থিত ছিলেন।
রাসেলের বাবা মোস্তফা কামাল বলেন, "স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন পরিকল্পিতভাবে রাসেলসহ তিনজনকে পিটিয়ে হত্যা করেছে।"
তিনি দাবি করেন, রাসেল পেশায় তেল ব্যবসায়ী এবং এলাকায় ভাল ছেলে হিসেবে তার সুনাম রয়েছে। এলাকায় যে কোন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সে রাসেল সোচ্চার ছিল। বালু নদীর পাড়ের বিভিন্ন ব্যবসা নিয়ে আবুল হোসেন এবং তার লোকজনের সঙ্গে রাসেলের আগে থেকেই বিরোধ ছিল।
মোস্তফা কামাল বলেন, "২৩ মে ভোর সাড়ে চারটার দিকে চেয়ারম্যানের লোক হিরু রাসেলকে মোবাইলফোনে জানায়, তার দোকানে ডাকাতি হচ্ছে। রাসেল তার চাচা রফিক, কর্মচারী লিয়াকত ও সালাউদ্দিনকে নিয়ে ত্রিমোহনী গুদারাঘাট থেকে ট্রলারে নলছাটা রওনা দেয়। বালুরপাড় ইটেরখোলা পৌঁছালে হিরু, আব্দুল হাই, মোহাম্মদ ইমরান, মজিবর রহমান বাদল, নজরুল, দেলোয়ার, হারেছ, ইমান আলী, পিচ্চি রাসেল ট্রলারসহ তাদের আটক করে। পরে কায়েতপাড়া বাজারের দক্ষিন পাশে নিয়ে গিয়ে রাসেল ও লিয়াকতকে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত রফিক ও সালাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিক মারা যায়।"
তিনি জানান সালাউদ্দিন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মোস্তফা কামাল বলেন, "ঘটনার পর আমরা পরিবারের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা হিসেবে না নিয়ে তা জিডি হিসেবে গ্রহণ করে। পরে ২৭ মে ঢাকার সিএমএম আদালতে পরিবারের পক্ষ থেকে একটি পিটিশন মামলা দায়ের করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।"
রাসেলের বাবা আরো বলেন, "ঘটনার পর থেকেই চেয়ারম্যান ও তার লোকজন আমাদের হুমকি দিয়ে আসছে। ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করার জন্য ২৪ মে আবুল হোসেনের সহযোগী আব্দুল হাই বাদী হয়ে খিলগাঁও থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।"
মামলাটি সিআইডি বা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন মোস্তফা কামাল।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু জাহিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে ওই ঘটনায় পুলিশের দায়ের করা অপর মামলার সঙ্গে এই মামলাটি সংযুক্ত করে নেওয়া হয়েছে। মামলার তদন্তকাজ চলছে।"
মামলার তদন্ত প্রভাবমুক্তভাবে চলছে বলেও আবু জাহিদ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩৫৮ ঘ.
bdnews24