ঢাকা, জুন, ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আগাম জামিন আবেদনের ওপর শুনানিগ্রহণ শেষ করেছে হাইকোর্ট।
বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ সোমবার মুজাহিদের জামিন আবেদনের ওপর দু'পক্ষের শুনানিগ্রহণ শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন নির্ধারণ করে।
মুজাহিদের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক আদালতকে বলেন, "রাজনৈতিক হয়রানির জন্য মুজাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি বড় পুকুরিয়া কয়লা খনি টেন্ডার কমিটির সদস্য ছিলেন বলেই তার বিরুদ্ধে এ মামলা। তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শাহদাত হোসাইনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বড় পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাকে মামলায় আসামি করা হয়নি। এ থেকেই প্রমাণ হয় মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"
জবাবে দুর্নীতি দমন কমিশনের কৌসুলি খুরশিদ আলম খান বলেন, "মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদনে আরো আসামির নাম আসতে পারে।"
তিনি বলেন, গ্রেপ্তারের আশঙ্কায় মুজাহিদ আগাম জামিনের আবেদন করেছেন। কিন্তু তিনি গত বৃহস্পতিবারও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে গিয়ে জবানবন্দি দিয়েছেন। তাকে তো গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের জন্য তার বাড়িও তল্লাসি করা হয়নি।"
এর জবাবে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়েছে। মুজাহিদকেও এখন গ্রেপ্তার করা হবে।
একটি মামলায় অভিযোগপত্র দেওয়ার পরই নিজামীকে গ্রেপ্তার করা হয় জানিয়ে খুরশিদ আলম খান এ সময় বলেন, "এ মামলার মুজাহিদের বিরুদ্ধে এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। তাই মুজাহিদের গ্রেপ্তারের আশঙ্কা ভিত্তিহীন। তাছাড়া জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ ঘ বিধি অনুযায়ী তিনি এ মামলায় আগাম জামিন পেতে পারেন না।"
শুনানির শুরুতেই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বেঞ্চের বিচারপতিদের সামনে দাঁড়ান।
গত ২৫ মে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। পরদিন হাইকোটের একটি বেঞ্চ তার আবেদনটি ফেরত দিয়ে দেন।
বড় পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এতে সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জোট সরকারের ১০ মন্ত্রী ও ছয় আমলাকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/০০০২ ঘ.
bdnews24