২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

নতুন অর্থবছরের জন্য ১৬২ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৪৯৭ টাকার বাজেট প্রস্তাব করেছে রাজশাহী সিটি করপোরেশন। এই বাজেট চলতি অর্থবছরের (২০০৭-০৮) সংশোধিত বাজেটের চেয়ে ১১৫.৬৪ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

রাজশাহী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের জন্য ১৬২ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৪৯৭ টাকার বাজেট প্রস্তাব করেছে রাজশাহী সিটি করপোরেশন। এই বাজেট চলতি অর্থবছরের (২০০৭-০৮) সংশোধিত বাজেটের চেয়ে ১১৫.৬৪ শতাংশ বেশি। সোমবার সকাল ১১টায় নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু এই বাজেট ঘোষণা করেন। একই সঙ্গে চলতি ২০০৭-০৮ অর্থবছরের ৭৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৫২ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। চলতি অর্থবছর প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ১৫২ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৫৩ টাকা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রত্যাশা অনুযায়ী সরকারি অনুদান না পাওয়ায় এবং কর আদায় আশানুরূপ না হওয়ায় গত অর্থবছরের প্রস্তাবিত বাজেট কমিয়ে অর্ধেকে নামিয়ে আনতে হয়েছে। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর, রেটস, ফি, অনুদান ও সরকারি শুল্ক ইত্যাদি খাত থেকে নিজস্ব আয় ধরা হয়েছে ৩২ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৭৩৩ টাকা। মূলধন, জমা ও অগ্রিম খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৭ লাখ টাকা। বাকি টাকা সরকারি উন্নয়ন সহায়ক মঞ্জুরি, প্রকল্প মঞ্জুরি (এডিপি), মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড ও বিবিধ খাত থেকে পাওয়া যাবে। অন্যদিকে বেতন-ভাতা, প্রাতিষ্ঠানিক, রাস্তাঘাট সংরক্ষণ ও উন্নয়ন, শিক্ষা- ও বিবিধ খাতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯ কোটি ৭ লাখ ১৭ হাজার ৭৫২ টাকা। এছাড়া মূলধন ও উন্নয়ন সহায়ক মঞ্জুরি খাতে ২৪ কোটি টাকা এবং বিভিন্ন প্রকল্পে মোট ৯৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কোরবান আলীসহ কর্মকর্তারা এবং বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন। মেয়র মিজানুর রহমান মিনু চাঁদাবাজি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে রেজাউন-নবী দুদু এ নিয়ে দ্বিতীয় বারের মতো বাজেট উপস্থাপন করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫১ ঘ.