বাগেরহাট, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তর সালে আলতাফ হোসেন শিকদার ও টিপু সুলতান নামের দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে তখনকার স্থানীয় মুসলিম লীগ নেতাসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা নথিভুক্ত করেছে শরণখোলা থানা পুলিশ।
বাগেরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের যোদ্ধা শামছুল আলম তালুকদার গত ১৩ মে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খানের আদালতে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের আকরাম খাঁ এবং শরণখোলার রায়েন্দা বাজারের বাসিন্দা নাজির হাওলাদারসহ। মামলায় অজ্ঞাত দেখিয়ে আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, মামলাটি শনিবার রাতে নথিভুক্ত করা হয়েছে। উপ পরিদর্শক দিবাকর চন্দ্র দাশ মামলাটির তদন্ত কাজ শুরু করেছেন। তবে কাউকে প্রেপ্তার করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়, আসামি আকরাম খাঁ (৫৭) ও নাজির হাওলাদার (৭৫) ১৯৭১ সালে চিহ্নিত রাজাকার ছিলেন। তাদের নেতৃত্বে শরণখোলার রায়েন্দা বাজারে রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালে আকরাম ও নাজিরসহ রাজাকার বাহিনীর সদস্যরা শরণখোলার রায়েন্দা বাজারে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও টিপু সুলতানকে গুলি করে হত্যা করে।
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন শরণখোলার লতিয়া রাজাপুরের আজাহার আলী সিকদারের ছেলে। টিপু সুলতান বরিশালের কলেজ রোড এলাকার আবুল কাশেমের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১২২ ঘ.
bdnews24