২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএলও পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই পরিচালনা পর্ষদে (গভর্নিং বডি) ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই পরিচালনা পর্ষদে (গভর্নিং বডি) ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। (আরও তথ্যসহ) সোমবার জেনেভায় আইএলও সদর দপ্তরে আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) এক অধিবেশনে বাংলাদেশকে সদস্য নির্বাচিত করা হয়। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে নতুন ১৮টি দেশকে এ পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত করা হয়েছে। পর্ষদের নিয়মিত সদস্য সংখ্যা ৫৬। বিভিন্ন দেশের সরকার, মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে এ পর্ষদ গঠিত। আইএলও'র নীতি নির্ধারণ, আইএলসি'র আলোচনার বিভিন্ন বিষয় ঠিক করা ও সংস্থার কর্মসূচি ও বাজেট প্রণয়ন করে এই পরিচালনা পর্ষদ। জেনেভা থেকে এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএলও'র বিভিন্ন সনদ মেনে চলায় বাংলাদেশের সাফল্যের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থনের বহিঃপ্রকাশ এ নির্বাচন। আইএলও পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশ।" তিনি বলেন, "আইএলও-র সহযোগিতায় শিশু শ্রম বন্ধ, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের দূরে সরিয়ে রাখা, জাহাজ-ভাঙা শিল্পের উন্নয়নে নির্দেশনা দান, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শ্রমিকদের স্বার্থ রক্ষাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার।" আসন্ন নির্বাচনের পর নতুন সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় আইএলও'র সহযোগিতায় আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন মাহফুজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২১০৪ ঘ.