ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পর 'সমমনা দলগুলোর' একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা উচিত বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার সরকারের সঙ্গে সংলাপে তিনি এইমত প্রকাশের পাশাপাশি জরুরি আইন পর্যায়ক্রমে শিথিল করে নির্বাচনের বেশ আগে সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছেন।
সোমবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপ শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ড. কামাল হোসেন একথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "আঞ্চলিক পর্যায়ে সংলাপ অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে সরকারের।" তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সংলাপে গণফোরামের পক্ষ থেকে লিখিত কিছু দাবি দাওয়া পেশ করা হয়েছে জানিয়ে সাংবাদিকদের ড. কামাল বলেন,"সৎ এবং যোগ্য প্রার্থীরা যাতে নির্বাচনে অংশ নিতে পারে সে বিষয়টি নিশ্চিত করার কথা আমরা বলেছি। একইসঙ্গে সন্ত্রাসী ও কালো টাকা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করতে বলেছি প্রধান উপদেষ্টাকে।"
তিনি আরো বলেন,"নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে।"
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধান উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলেছেন তাকে জাতীয় প্রতিশ্র"তি হিসেবে অভিহিত করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপে গণফোরামের উত্থাপিত লিখিত দাবির মধ্যে উল্লেখযোগ্য হল- সংবিধান রিভিউ কমিশন গঠন করা। গত তিন দশকের অভিজ্ঞতার আলোকে সংবিধান সংশোধনের যে সমস্ত পরামর্শ আলোচনায় উঠে এসেছে সেগুলো বিবেচনার জন্য পরবর্তী সংসদে একটি সংবিধান রিভিউ কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
যুদ্ধাপরাধের শাস্তি বিধানে যথাযথ ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়েছে।
গণফোরামের অন্যান্য প্রস্তাবগুলো হল, সংঘাত ও সংঘর্ষের রাজনীতি পরিহার নিশ্চিত করা, রাজনৈতিক সংস্কারের মাধ্যমে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা, দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনী বিলুপ্ত করা, দলের আয় ব্যয়ের অডিট করে হিসাব নিকাশ প্রকাশ করা এবং দলীয় গঠনতন্ত্র অনুসরন করা।
ড. কামাল হোসেনের বক্তব্যের পরপরই বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন," রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গোষ্ঠী ভিত্তিক সংলাপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের অংশ হিসেবে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপ। এছাড়া আঞ্চলিক পর্যায়ে আলোচনা করার পরিকল্পনা করা হয়েছে।"
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন,"পার্বত্য চট্টগ্রাম এলাকায় আদিবাসীদের সঙ্গে সংলাপ করার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।"
হোসেন জিল্লুর আরো বলেন,"আজকে (সোমবার) ছিল গণফোরামের সঙ্গে সপ্তম বৈঠক এবং এ বৈঠকে তাদের সঙ্গে খুবই খোলামেলা আলোচনা হয়েছে। তারা বলেছেন, সংলাপের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব।"
১৯৯০ সালে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যমত্য হয়েছিল এবং সুষ্পষ্টভাবে সুফল বয়ে এনেছিল বলে গণফোরাম সংলাপে জানিয়েছে-একথা উল্লেখ করে উপদেষ্টা বলেন,"আমরাও আশাবাদী। আজকের সংলাপে গণফোরাম সুনির্দিষ্টভাবে কয়েকটি দাবি দাওয়া পেশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কালোটাকা মুক্ত নির্বাচন, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ বিলুপ্ত এবং প্রশাসন দলীয়করন মুক্তকরন। এ কয়েকটি রোগ ছাড়াও নির্বাচনের ব্যয়ের ব্যাপারে ড. কামাল মন্তব্য করেছেন যে রুগ্ন রাজনীতি তৈরীর পেছনে এগুলো প্রভাব ফেলে।"
জিল্লুর জানান, তাদের (গণফোরামের) এ বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এসব ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ সংলাপের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিিহ্নত হচ্ছে। এসব সমস্যার সমধানে কার্যকর পদক্ষেপ নিতে সুবিধা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণফোরামের সভাপতির নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতনিধি দল সংলাপে অংশ নেয়। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টা ছাড়াও আরো উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
সোমবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গণফোরামের সঙ্গে এ সংলাপ শুরু হয়।
গত ২২ মে ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়। এ পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ, জাসদ (ইনু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে সংলাপ শেষ হয়েছে।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী মঙ্গলবার দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সরকারের পাঁচ উপদেষ্টা গত ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। ২২ দিনে তারা বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন।
রাজধানীর রেলভবনে প্রথম বৈঠকটি হয় আওয়ামী লীগের সঙ্গে। ২৮ এপ্রিল বিএনপির দেলোয়ারপন্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-সংলাপ শেষ হয়। এ মাসের প্রথম সপ্তাহে উপদেষ্টারা সুপারিশ আকারে প্রাক-সংলাপের প্রতিবেদন উপদেষ্টা পরিষদকে দেন।
১২ মে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ সংলাপ শুরুর তারিখ ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এফএফ/জিএনএ/১৫৪৯ ঘ.
bdnews24