২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-ভাংচুর

গাড়িচাপায় এক সতীর্থের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় সড়ক অবরোধ এবং গাড়ি ভাংচুর করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িচাপায় এক সতীর্থের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় সড়ক অবরোধ এবং গাড়ি ভাংচুর করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে একটি রাইডারের চাপায় নিহত হয় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির খান আলতুসি। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। নিহতের মামা মো. শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুনতাসির সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। বাসার কাছেই রাস্তা পার হওয়ার সময় একটি রাইডারের চাপায় সে আহত হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় পাই।" মুনতাসিরের বাসায় চান্দগাঁওয়ে। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়টিও চান্দগাঁও এলাকায়। দুর্ঘটনায় মুনতাসিরের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠিরা সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের সামনে আরাকান সড়কে নেমে আসে। তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং রাস্তা বন্ধ করে দেয়। ওই সময় এলাকাবাসীও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। বেলা সোয়া ১২টার দিকে পুলিশের অনুরোধে আরাকান সড়কের একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে রাস্তার অপর অংশে তারা অবস্থান নিয়ে রয়েছে। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালককে গ্রেপ্তার এবং রাস্তায় গতিরোধক নির্মাণ করতে হবে। অবরোধের ফলে নগরীতে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। চান্দগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদের সঙ্গে আলোচনা চলছে।" মুনতাসিরের লাশ বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে তার মামা শোয়েব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩৩২ ঘ.