চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এক ব্যবসায়ীর বাসা থেকে মালামাল লুটের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ মামলার অভিযোগ গঠন করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আগামী ৯ জুন মামলার সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য করা হয়েছে।
অভিযুক্ত অপর দুই পুলিশ সদস্য হলেন- এসি মোফাজ্জলের দেহরক্ষী কনস্টেবল এহসানুল ইসলাম ও গাড়ি চালক আবদুর রউফ। আসামিরা বর্তমানে কারাগারে আছেন।
গত ৯ ফেব্র"য়ারি রাতে নগরীর মেহেদীবাগের আমীরবাগ আবাসিক এলাকায় ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরীর বাসায় হানা দিয়ে অস্ত্রের মুখে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন এসি মোফাজ্জল ও তার দুই সহযোগী। পরদিন গভীর রাতে ফারুক আহমেদ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি ডাকাতির মামলা করেন।
পুলিশ অভিযুক্তদের কোয়ার্টারে অভিযান চালিয়ে লুটের মাল উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করে। ওই দিনই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ১৩ মে সিএমপি'র পাঁচলাইশ জোনের বর্তমান এসি ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সৈয়দ মেজবাহ উদ্দিন মুখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত শুনানি শেষে সিএমপির এসি মোফাজ্জলসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।
তিনি জানান, আদালত আগামী ৯ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সাক্ষী করা হয়েছে এ মামলায় ৩২ জনকে।
আহসানুল হক জানান, অভিযোগ গঠনের সময় আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন জানালেও তার শুনানি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০২ ঘ.
bdnews24