২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার কড়াকড়িতে জনদুর্ভোগ

কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রীর আদালতে হাজিরার কারণে রোববার সংসদ ভবন এলাকার চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় সংসদ ভবনের চারপাশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রীর আদালতে হাজিরার কারণে রোববার সংসদ ভবন এলাকার চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় সংসদ ভবনের চারপাশে। বন্ধ কয়ে দেওয়া হয় সংসদ ভবনের পূর্ব পাশের খামারবাড়ি থেকে রোকেয়া সরণি পর্যন্ত সড়কটি। এতে অফিসমুখী যাত্রীদের পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীরাও দুর্ভোগে পড়েন। নাইকো দুর্নীতি সংক্রান্ত আলাদা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে রোববার সংসদ ভবনে স্থাপতি বিশেষ আদালতে হাজির করা হয়। খালেদা জিয়াকে এর আগে আদালতে হাজির না করা হলেও শেখ হাসিনাকে আদালতে হাজির করা হচ্ছিল। হাজিরার দিন আওয়ামী লীগ নেতা-কর্মীরা এতদিন সংসদ ভবনের পূর্ব দিকে মনিপুরী পাড়া সংলগ্ন গেট এলাকায় ভিড় জমাতো। গত ২৬ মে খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য থাকলেও তাকে হাজির করা হয়নি। সেদিন বিএনপি নেতা-কর্মীরা রাস্তার ওপর বিক্ষোভ করে। ওই কারণেই রোববার এ সড়কটি বন্ধ করে দেওয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করে পুলিশ সংসদ ভবনের পূর্ব পাশের সড়কটি বন্ধ করে ওই পথে সাধারণ মানুষের ঢোকা বন্ধ করে দেয়। এমনকি মনিপুরীপাড়া এলাকার লোকজনকেও ওই সড়ক দিয়ে যেতে দেওয়া হয়নি। বেশ কয়েকজন পরীক্ষার্থী এ সময় ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও ফিরিয়ে দিতে দেখা যায়। ওই সড়কের গাড়িগুলোকেও অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে সংসদ ভবনের তিন দিকের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। বেলা পৌনে ১টার দিকে সড়ক খুলে দিলে গাড়ি চলাচল শুরু হয়। সংসদ ভবনের তিন পাশের রাস্তা খোলা রেখে পুর্ব পাশের রাস্তা বন্ধ করে দেওয়া সম্পর্কে ঢাকা মহানগরীর সহকারী পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া বলেছেন, "সার্বিক নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।" নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৬ মে খালেদা জিয়ার হাজিরার দিন বিএনপি নেতা-কর্মীরা সড়কে বিক্ষোভ করে। সে ধরনের ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় প্রধানদের হাজিরার দিন রোববারও বিএনপি নেতা-কর্মীরা সংসদ ভবন এলাকায় আসেন। তবে পুলিশি বাধায় ঢুকতে না পেরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মানিক মিয়া এভিনিউয়ের পূর্ব মাথার গোলচত্বরে অবস্থান নেন। বিএনপি নেতা-কর্মীরা ছিলেন খামার বাড়ির পাশের রাস্তায়। দুপুর পর্যন্ত তারা ওই দুটি স্থানেই বসে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫১২ ঘ.