ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী, রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেল ঘাটের কাছে শুক্রবার রাতে টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন চালক ও চার যাত্রী। রংপুরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক দুটির সহকারী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় টেম্পো ও প্রাইভেট কারের সংঘর্ষে মারা গেছেন একজন।
বিস্তারিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: রাত ১২টার দিকে ক্যানেল ঘাটের কাছে গোয়ালন্দ বাজারগামী টেম্পো ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে গোয়ালন্দ হাসপাতালে মারা যান রাজবাড়ী গ্রামের নওশের আলী ও ফরিদপুর হাসপাতালে টেম্পো চালক ফজলু।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, নিহতদের মধ্যে এখনো তিন জনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, আব্দুল গাফফার (৩৫), সুলতান (৩৭) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি।
এ ব্যাপারে গোয়ালন্দ থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া পুলিশ ট্রাকটি আটক করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা কামাল হোসেন।
রংপুর: সদর উপজেলার পাগলাপীরে শনিবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের দুই সহকারী নীলফামারী জেলার কিশোরীগঞ্জের সুজা (১৮) ও পাবনা জেলার বেড়া উপজেলার এবাদুল (১৪) নিহত হন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী জানান, ভোর পাঁচটার দিকে পাগলাপীরে পাথর বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে পড়লে এটি রাস্তার মধ্যে থামিয়েই ট্রাকটির সহকারী এবাদুল মেরামতের কাজ করছিলেন। এ সময় সৈয়দপুরগামী একটি ট্রাক পাথর বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এবাদুল এবং অপর ট্রাকের সামনে বসে থাকা সহকারী সুজা মারা যান।
নিহতদের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে যাত্রীবাহী টেম্পো ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শনিবার সকালে মারা গেছেন টেম্পোর যাত্রী অবিনাশ চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তি। এ সময় আহত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার বাড়ি সরাইলে কালিকচ্ছ গ্রামে।
এর আগে শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এএল/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24