২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মাসে বিটিটিবি রাজস্ব আয় বেড়েছে ১০১ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এক হাজার ৩০৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০১ কোটি টাকা বেশি। গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিটিটিবি এক হাজার ২০২ কোটি টাকার রাজস্ব আয় করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এক হাজার ৩০৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০১ কোটি টাকা বেশি। গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিটিটিবি এক হাজার ২০২ কোটি টাকার রাজস্ব আয় করে। শনিবার টেলিযোগাযোগ ভবনে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি এম এ মালেক। এম এ মালেক বলেন, "চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বিটিটিবি'র রাজস্ব আয় হয়েছে ১৩০৩ কোটি টাকা, যা আমাদের লক্ষ্যের প্রায় দুই-তৃতীয়াংশ। গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এর পরিমাণ ১০১ কোটি টাকা বেশি। গত বছর জুলাই-এপ্রিল সময়ে ১২০২ কোটি টাকার রাজস্ব আয় করে বিটিটিবি।" তিনি বলেন, "এ বছর জুন মাস নাগাদ আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাব। এ বছর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৯৮৭ কোটি টাকা।" ইতোমধ্যে তিন পার্বত্য জেলার বাকি পৌরসভাগুলোতে মোবাইল সেবা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে এম এ মালেক বলেন, "তিন পার্বত্য জেলায় ডিজিটাল এক্সচেঞ্জ বাবদ খরচ হবে প্রায় ১০৯ কোটি টাকা । অথচ এই খরচ বাঁচিয়ে সরকার মোবাইল সংযোগ দিয়ে উন্টো রাজস্ব আয় বাড়াতে পারে।" ল্যান্ডফোন সংযোগ নেওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "প্রতিযোগিতামূলক বাজারে সেবা দিয়ে আমাদের (বিটিটিবি) বাজারে টিকে থাকতে হবে। মাঝখানে বিটিটিবির ল্যান্ডফোনের চাহিদা কমে গেলেও তা আবার বাড়ছে । কারণ ফ্যাক্স ব্যবহার করতে গেলে ল্যান্ডফোনের কোনো বিকল্প নেই।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি বলেন, "অচিরেই ভিডিও অন ডিমান্ড (ভিওডি) সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হবে। এর মাধ্যমে একজন গ্রাহক মোবাইলে যোগাযোগ করে নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলে তার পছন্দের অনুষ্ঠান দেখতে পারবেন।" তিনি আরও জানান, বর্তমানে মাত্র দশমিক তিন শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সারাদেশে এ সুবিধা ছড়িয়ে দিতে পরবর্তীতে গ্রামেগঞ্জেও ইন্টারনেট সুবিধা বিস্তৃত করা হবে। বিটিটিবি থেকে লোকবল ছাঁটাই করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ রকম কোনো চিন্তা-ভাবনা নেই।" মোবাইল ফোনের যুগে ডাক বিভাগের উপযোগ দিন দিনে কমে যাচ্ছে উল্লেখ করে এম এ মালেক জানান, উপযোগিতা বাড়াতে ডাকঘরে এখন থেকে মোবাইলের সিম কার্ড, প্রি-পেইড কার্ড সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/টিএইচ/এমএ/১৮৪৫ ঘ.