পঞ্চগড়, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি'- শ্লোগানে শুরু হওয়া 'রোড-শো'র গাড়িবহর এখন পঞ্চগড়ে।
শনিবার দুপুর দেড়টায় বিশেষ সাজে সজ্জিত পাঁচটি বাস, তিনটি মাইক্রোবাস ও তিনটি ট্রাক পঞ্চগড়ে পৌঁছায়।
শুক্রবার থেকে শুরু হওয়া রোড-শো উপলক্ষে রোববার পঞ্চগড় কালেক্টরেট মাঠে সকাল নয়টা থেকে বিশেষ মেলা বসবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হাফিজুর রহমান ভূঁইয়া।
মেলায় স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থপনা এবং কৃষি- এই চারটি মন্ত্রণালয়সহ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও পরিকল্পনা জনগণকে অবহিত করা হবে।
এছাড়াও অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাতের পাশাপাশি আলু খেতে উদ্বুদ্ধ করতে আগতদের মধ্যে আলু বিতরণ করা হবে।
রোড-শো উপলক্ষে আয়োজিত মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, মেলায় রোড-শো'র পাঁচটি বিষয়ের উপর তথ্য নিয়ে বিশেষভাবে সাজানো পাঁচটি গাড়ি সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জনসাধরণের জন্য উন্মুক্ত থাকবে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
জেলা প্রশাসক আরও জানান, মূলত খাদ্য সমস্যা, বিশেষ করে ভাতের পাশাপাশি আলুসহ অন্যান্য খাদ্য গ্রহনে অভ্যস্ত হওয়া, দূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ, দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখা, সর্বস্তরে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, টেলিযোগাযোগকে কর্মসংস্থানের উৎস বানানোর উদ্যোগসহ র্যাবের সাফল্যময় অভিযানের চিত্র তুলে ধরার লক্ষ্যে ৫৫ দিনব্যাপী ব্যতিক্রমী এই রোড-শো'র আয়োজন করা হয়েছে।
সোমবার রোড শো'র গাড়িবহর ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে পঞ্চগড় ত্যাগ করবে।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'রোড শো'র উদ্বোধন হয়।
'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে এ রোড শো যৌথভাবে আয়োজন করেছে সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
উদ্বোধনের পর সম্মেলন কেন্দ্র থেকে রোড-শোর গাড়িবহর পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। এ গাড়িবহর ৫০ দিনে ৫৫টি জেলা ঘুরবে করবে।
এর মধ্যে ২৫টি জেলা শহরে গাড়িবহর থামবে এবং সেখানে মেলা আয়োজন করা হবে। মেলায় রোড-শো'র পাঁচটি বিষয়ের ওপর তথ্য নিয়ে পাঁচটি গাড়ি সাজানো থাকবে। গাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিওচিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
এছাড়া জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন শহরের স্কুল-কলেজে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তেঁতুলিয়া থেকে টেকনাফ হয়ে এ গাড়িবহর ১৪ জুলাই আবার ঢাকায় ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24