কুষ্টিয়া, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিতভাবে সন্ত্রাস দমনে কাজ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমএ মতিন।
তিনি বলেন, "কোন অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যায় না। কঠোর হাতে সন্ত্রাস দমন করা হবে। সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। দেশে শান্তি-শৃংখলা রক্ষায় সরকার বদ্ধপরিকর।"
শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের ১৬ টি জেলার পুলিশ, র্যাব, বিডিআর এবং জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃংখলা সংক্রান্ত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দেশের স্বার্থে সমন্বিত প্রয়াসের মাধ্যমে আপনারা সন্ত্রাস দমনে কাজ করবেন।"
চরমপন্থীদের প্রতিরোধে কমিউনিটি পুলিশের কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ এবং চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত বিচার আদালতে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
আইন-শৃংখলা সংক্রান্ত ওই বিশেষ সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) নব বিক্রম কিশোর ত্রিপুরা, খুলনা বিভাগীয় কমিশনার ইউনুস-উর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান, পুলিশ কমিশনার (কেএমপি) হেলাল উদ্দিন বদরীসহ ১৬ জেলার পুলিশ সুপার এবং র্যাব-১২ ও র্যাব-৬ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24