ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের ওপর থেকে মানুষের আস্থা চলে গেলে জাতির জন্য দুর্দিন নেমে আসবে জানিয়ে বিদায়ী প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, এর চেয়ে খারাপ পরিণতি আর হতে পারে না।
মেয়াদের শেষ দিন শনিবার বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন-২০০৭ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি হয় রাজধানীর সোনারগাঁও হোটেলে।
প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বের মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন মো. রুহুল আমিন। ১ জুন থেকে নতুন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিচ্ছেন এমএম রুহুল আমীন।
বিদায়ী ভাষণে মো. রুহুল আমিন বলেন, "বিচার বিভাগ রাষ্ট্রের শেষ আশ্রয়স্থল। এর ওপর দেশের মানুষের অনেক আশা। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা এখনও রয়েছে। জাতির স্বার্থে এ আস্থাকে যে কোনও মূল্যে ধরে রাখতে হবে। তবে এ জন্য দেশের সব মহল থেকে বিচার বিভাগকে সহযোগিতা করা প্রয়োজন।"
তিনি বলেন, "রাজা কিংবা সংসদের ওপর থেকে জাতি আস্থা হারালে তেমন কোনও ক্ষতি হবে না। কিন্তু বিচার বিভাগের ওপর থেকে মানুষের আস্থা চলে গেলে জাতির জন্য দুর্দিন নেমে আসবে। সেই সময়ের চেয়ে খারাপ পরিণতি আর হতে পারে না।"
বিচার বিভাগ আলাদা করা এবং স্বাধীনতার জন্য বাকি কাজ উত্তরসূরি পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি রুহুল আমিন।
তিনি বলেন, "গত ৮ বছরে বিচার বিভাগে নিয়োগ না হওয়ায় নিম্ন আদালতে মামলার স্তূপ জমে ছিল। কিন্তু এখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে। ৩৯০ সহকারী জজ নিয়োগ হয়েছে। অনেক বাধা সত্ত্বেও আশা করছি, তার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কিন্তু টাকার মূল্য কমে যাওয়ায় বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা প্রয়োজন।"
রুহুল আমিন বলেন, "আমি ১ বছর ৪ মাস ১৪ দিন বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাকে বিচার বিভাগের ক্রান্তিকালে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে হয়েছে। আমি আমার দায়িত্ব পালন কালে বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছি।"
তিনি বলেন, "এ সময়ে বিচার বিভাগ পৃথক হয়েছে। আদালত ও মামলা ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির প্রচলন হয়েছে।আমার পরবর্তী প্রধান বিচারপতি এ কাজকে এগিয়ে নিয়ে যাবে।"
অনুষ্ঠানে আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, "কেবল নাগরিকদের জন্যই নয়, একটি আত্মমর্যাদাশীল জাতির জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা হয়েছে। সব মানুষ যাতে আইনের আশ্রয় লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে।"
এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি হুয়া দু বলেন, "সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন এবং নিরপেক্ষ ও কার্যকর বিচার বিভাগ। বিচার বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী বিভাগকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে হবে।"
সুপ্রিম কোর্টের নিবন্ধক ইকতেদার আহমেদ জানান, বার্ষিক প্রতিবেদনে বিচার বিভাগের গঠন, ক্ষমতা, কার্যাবলি, ফৌজদারি কার্যবিধি সংশোধনী, বিচার বিভাগ পৃথককরণের ইতিহাস, এ নিয়ে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা, আপিল বিভাগের গুরুত্বপূর্ণ মামলার রায়, প্রধান বিচারপতির বিদেশ ভ্রমণ, নিম্ন আদালত পরিচালনা, বিচার বিভাগের চলমান সংস্কার, জেলা আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও উচ্চ আদালতের মামলার বিবরণ, বিচার বিভাগে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রবর্তন, বিচার বিভাগের রাজস্ব আয় ও বাজেট, আইনী সহায়তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, "সুপ্রিম কোর্ট বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর পর থেকে প্রতিবছর তা প্রকাশ করা হবে।"
অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল, কে এম হাসান ও লতিফুর রহমানসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি ২০০৭ সালের বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24