ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০০৮ সালের এইচএসসি পরীক্ষা। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষাও শুরু হয়েছে।
প্রথমদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়।
শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা সচিব আশরাফুল মকবুল, যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় ৬ লাখ ২০ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ৭৯৬ জন। আলিম পরীক্ষার্থী ৬২ হাজার ৫০৫ জন এবং এইচএসসি (বিএম-বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৭১৯ জন।
এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ২৪৭ জন, রাজশাহীতে ১ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন, কুমিল্লা বোর্ডে ৫০ হাজার ৭১৯ জন, যশোরে ৭০ হাজার ৮০৯ জন, চট্টগ্রামে ৪১ হাজার ৫১৫ জন, বরিশালে ৩২ হাজার ১৬৪ জন এবং সিলেট বোর্ডে ১৯ হাজার ৫৯৭ জন।
এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ২১৪ জন এবং ছাত্রী ২ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। আলিমে ছাত্র সংখ্যা ৩৯ হাজার ৭৬১ জন এবং ছাত্রী সংখ্যা ২২ হাজার ৭৪৪ জন। এইচএসসি (বিএম) এ ছাত্র সংখ্যা ৩৪ হাজার ৭১০ জন এবং ছাত্রী ২০ হাজার ৯ জন।
এবার নয়টি বোর্ডে ১৮০০ কেন্দ্রে এই তিন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এইচএসসির কেন্দ্র সংখ্যা ১ হাজার ২৪টি, আলিমের ৩৪৮টি এবং এইচএসসি বিএম পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ৪২৮টি। দেশের বাইরে বিদেশে মোট পাঁচটি কেন্দ্রে ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসেবে, মোট সাত হাজার ১২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে এইচএসসিতে প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ১৯৬টি, আলিমে ২ হাজার ৬৫৯টি এবং এইচএসসি বিএম-এ ১ হাজার ২৬৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/এসএনডি/১৩২৪ ঘ.
bdnews24