ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিচার প্রক্রিয়াকে গতিশীল করবে বলে মনে করেন বিদায়ী প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।
বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে সুপ্রিম কোর্টে লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) স্থাপন সংক্রান্ত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, "পৃথিবীর অনেক দেশের আদালতে লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকলেও বাংলাদেশে সবেমাত্র স্থাপন হচ্ছে। এর মাধ্যমে জাতি উপকৃত হবে।"
অনেকসময় রায়ের অনুলিপি পৌঁছতে দেরি হওয়ার অভিযোগ পাওয়া যায়- উল্লেখ করে মো. রুহুল আমীন বলেন, "সুপ্রিম কোর্টে ল্যান স্থাপনের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। এর স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হলে রায়ের অনুলিপি পেতে আর দেরি হবে না।"
অনুষ্ঠানে বিচারপতি এমএম রুহুল আমীনসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকতেদার আহমেদ ল্যান স্থাপনের সার্বিক দিক তুলে ধরে বলেন, "এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় ও আদেশ কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করা যাবে। রায় ও আদেশের অনুলিপি তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যাবে। মানুষের ভোগান্তিও কমবে।"
ইকতেদার আহমেদ জানান, সুপ্রিম কোর্টের একটি ওয়েবসাইট তৈরি করা হবে। এতে আদালতের কার্যতালিকা, গুরুত্বপূর্ণ রায়, মামলার সংখ্যা, সুপ্রিম কোর্টের প্রকাশনাসহ নানা বিষয় উপস্থাপন করা হবে। পাশাপাশি উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাবে বলে জানান তিনি।
"লেন স্থাপন ও ওয়েবসাইট তৈরি হলে আইনজীবীরা ঘরে বসেই তাদের মামলার অবস্থা জানতে পারবেন", বলেন তিনি।
ল্যান স্থাপনে সর্বমোট খরচ পড়বে দুই কোটি ২৬ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমআই/১৯৪৩ ঘ.
bdnews24